নতুন স্মার্টফোন কনসেপ্ট নিয়ে হাজির হয়েছে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অনর। এ ফোনে থাকছে ভাঁজ করা যায় এমন একটি যান্ত্রিক ক্যামেরা বাহু (আর্ম)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) দৈনন্দিন ব্যবহারযোগ্য ডিভাইসে যুক্ত করার লক্ষ্যে এ ধরনের ফোন তৈরির কথা ভাবছে অনর।
সিএনবিসির প্রতিবেদনের তথ্যানুযায়ী, অনরের এ বিশেষ নকশার ফোনটি বর্তমানে ‘রোবট ফোন’ নামে পরিচিত। এটি মূলত রোবোটিকস ও এআই প্রযুক্তিতে অনরের অগ্রগতি দেখানোর একটি প্রচেষ্টা। আগামী পাঁচ বছরে প্রতিষ্ঠানটি এ প্রযুক্তির বিকাশে প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।
অনরের সম্প্রতি প্রকাশিত একটি সংক্ষিপ্ত টিজারে দেখা যায়, ফোনটির মূল কাঠামোর ভেতর থেকে একটি ছোট রোবোটিক আর্ম বেরিয়ে আসে, যেখানে ক্যামেরাটি স্থাপন করা আছে। বাহুটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে এবং ঝুঁকে বিভিন্ন কোণে ছবি তুলতে পারে। এছাড়া ক্যামেরা আর্মটি স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলার বিষয়বস্তু শনাক্ত করে ফ্রেম ঠিক করতে পারে। এটি ছবির ধরন অনুযায়ী নিজের অবস্থান পরিবর্তন করতেও সক্ষম।
ভিডিওতে দেখা গেছে, ফোনটিতে এইআই-ভিত্তিক ‘অবজেক্ট ট্র্যাকিং’ (বস্তু ট্র্যাকিং) ও ‘সেলফ-ফ্রেমিং’ (স্বয়ংক্রিয় ফ্রেমিং) সুবিধা থাকতে পারে।
অনর এখনো ফোনটির কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত জানায়নি।
তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এআই পণ্যের তালিকায় ডিভাইসটি উপস্থাপন করা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এখন পর্যন্ত ফোনটির শুধু কম্পিউটার গ্রাফিকস-নির্ভর ভিডিও প্রকাশ করা হয়েছে। কোনো কার্যকর প্রোটোটাইপ দেখানো হয়নি।
এর আগে ওয়ানপ্লাস ৭ প্রো ও আসুস জেনফোন ৬-এর মতো কিছু স্মার্টফোনে পপ-আপ ক্যামেরা ব্যবহারের চেষ্টা হয়েছিল। তবে ওই নকশাগুলোয় স্থায়িত্ব নিয়ে সমস্যা দেখা দিয়েছিল।
উল্লেখ্য, এর আগেও অনর ব্যতিক্রমী নকশার ফোন দিয়ে নজর কেড়েছিল। বর্তমানে ফোনটি ধারণামূলক পর্যায়ে থাকলেও এটি অনরের ঝুঁকি নেয়ার মানসিকতাকে প্রকাশ করছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
দ্রুত পরিবর্তনশীল এআই-নির্ভর প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে এ প্রকল্পকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। ফোনটির ব্যবহারিক কার্যকারিতা কেমন হবে তা জানা যাবে আগামী বছর অনরের বিস্তারিত তথ্য প্রকাশের পর।






















