বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় করেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, এ সময় টিএসএমসির আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১ বিলিয়ন (৩ হাজার ৩১০ কোটি) ডলারে। সে অনুযায়ী বছরের তৃতীয় প্রান্তিকে পূর্বাভাসের (৩ হাজার ১৮০ কোটি থেকে ৩ হাজার ৩০০ কোটি ডলার) চেয়ে বেশি আয় করেছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে সেমিকন্ডাক্টর খাতের শীর্ষে নিজের অবস্থানকে আরো সুসংহত করল টিএমএমসি।
৩ ন্যানোমিটার এবং ৪/৫ ন্যানোমিটার নোডে ধারাবাহিক উৎপাদন এ সাফল্যের মূল চালিকাশক্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিষ্ঠানটির বড় গ্রাহক অ্যাপল, এনভিডিয়া ও এএমডি নতুন চিপ কিনছে। এগুলো এআই জিপিইউ, হাই-পারফরম্যান্স কম্পিউটিং এবং প্রিমিয়াম স্মার্টফোনের জন্য ব্যবহার হচ্ছে। টিএসএমসি তাদের উচ্চমূল্যের ৩ ও ৫ ন্যানোমিটার চিপের উৎপাদন বাড়ানোর কারণে ফাউন্ড্রির প্রায় পূর্ণ ক্ষমতায় কাজ করছে।
পুরনো চিপ যেমন ৬/৭ ন্যানোমিটারের ব্যবহার সামান্য কমেছে। ১২/১৬ এবং ২২/২৮ ন্যানোমিটার চিপের ব্যবহার আগের প্রান্তিকে ওয়াই-ফাই ৭ চিপসেটের কারণে বাড়লেও তৃতীয় প্রান্তিকে আবার কিছুটা কমতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের বাইরে পুরনো চিপ তৈরির কারখানা এখন ৭৫-৮০ শতাংশ ক্ষমতায় কাজ করবে। টিএসএমসির ১২ ইঞ্চি ওয়েফার লাইন তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে, কিন্তু ৮ ইঞ্চি লাইন এখনো গাড়ি ও শিল্প খাতের দুর্বলতার কারণে চাপের মধ্যে আছে।
এদিকে ইন্টেল তাদের নতুন ১৮এ চিপ তৈরি করছে। এটি উৎপাদন হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। ইন্টেল আশা করছে ২০২৬ সালে গ্রাহকদের জন্য চিপ সরবরাহ শুরু হবে এবং ২০২৬-২৭ সালে উৎপাদন বাড়বে। কোম্পানিটি এখন কেবল নিশ্চিত চাহিদার ভিত্তিতে উৎপাদন বাড়াচ্ছে।
স্যামসাংয়ের উন্নত চিপ উৎপাদনও ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে, বিশেষ করে ২ ন্যানোমিটার প্রযুক্তির স্মার্টফোন চিপের কারণে। ভবিষ্যতে স্যামসাংয়ের পারফরম্যান্স ২ ন্যানোমিটার চিপ এবং টেসলার সঙ্গে সহযোগিতার ওপর নির্ভর করবে, যা নতুন অর্ডার আকর্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অ্যাডভান্সড প্যাকেজিং, বিশেষত টিএসএমসির সিওডব্লিউওএস (চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট) প্রযুক্তি, বৈশ্বিক সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি শিল্পকে রূপান্তর করছে। প্রতিষ্ঠানটি অনেক অর্ডার সামলাতে পারছে না, তাই কিছু কাজ অন্যান্য প্রতিষ্ঠানে আউটসোর্স করছে টিএসএমসি। তবে উৎপাদন ও স্কেলিং চ্যালেঞ্জের মুখোমুখি। টিএসএমসি আশা করছে ২০২৬ সালের শেষের মধ্যে সিওডব্লিউওএস প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন মাসে এক লাখ ওয়েফার ছাড়াবে। এতে এনভিডিয়া, গুগল, এডব্লিউএস ও মেটার বিভিন্ন চিপ তৈরি হবে।
সিওডব্লিউওএস শুধু এআই নয়, নেটওয়ার্কিং চিপ যেমন ব্রডকমের জেরিকো ও টোমাহক সিরিজ এবং এএমডির ভেনিস সার্ভার সিপিউতেও ব্যবহার হচ্ছে।





















