অ্যাপল গত সেপ্টেম্বরে আইফোন ১৭ (iPhone 17) সিরিজ লঞ্চ করলেও, প্রযুক্তি বিশ্বে এখনই ২০২৭ সালের ‘আইফোন ২০’ (iPhone 20) নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। সম্প্রতি অনলাইনে এই সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস হয়েছে, যা আইফোনের ডিজাইনে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে সুপরিচিত টিপস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ দাবি করেছেন, অ্যাপল ২০২৭ সালে প্রথম ‘আন্ডার-ডিসপ্লে’ ক্যামেরাসহ স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। আর এই সিরিজের নাম হবে ‘আইফোন ২০’।
টিপস্টার মনে করছেন, ২০০৭ সালে প্রথম আইফোন লঞ্চের ২০তম বার্ষিকী (২০২৭ সালে) পালন করতেই অ্যাপল ‘আইফোন ১৯’ নামটি বাদ দিয়ে সরাসরি ‘আইফোন ২০’ নামে এই বৈপ্লবিক ফোনটি বাজারে আনবে।
টিপস্টারের এই দাবি সত্য হলে, ২০২৭ সালেই অ্যাপল তাদের স্মার্টফোনের পিল-আকৃতির (Pill-shaped) সেলফি ক্যামেরা কাটআউট ডিজাইন থেকে পুরোপুরি সরে আসবে, যা প্রথম আইফোন ১৪ প্রো মডেলে দেখা গিয়েছিল।
‘আইফোন ১৮ প্রো’-তেও আসছে পরিবর্তন ‘আইফোন ২০’-এর এই বড় আপডেটের আগেই, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বরে আসতে যাওয়া ‘আইফোন ১৮ প্রো’ (iPhone 18 Pro) লাইনআপেও ডিজাইনের পরিবর্তন দেখা যাবে বলে জানা গেছে।
সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, অ্যাপল ‘হোল ইন অ্যাক্টিভ এরিয়া’ (HIAA) নামে একটি নতুন প্রযুক্তি পরীক্ষা করছে। এই প্রযুক্তির মাধ্যমে ‘আইফোন ১৮ প্রো’ সিরিজের ওএলইডি (OLED) ডিসপ্লেতে ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর এক জায়গায় রাখা সম্ভব হবে।
এর অর্থ হলো, ‘আইফোন ১৮ প্রো’-তে হয়তো বর্তমানের পিল-আকৃতির ‘ডায়নামিক আইল্যান্ড’-এর বদলে আরও ছোট, একটি মাত্র হোল-পাঞ্চ কাটআউট থাকতে পারে। অর্থাৎ, ২০২৭ সালে পুরোপুরি ‘আন্ডার-ডিসপ্লে’তে যাওয়ার আগে, আগামী বছরই কাটআউটটিকে আরও ছোট করার পথে হাঁটছে অ্যাপল।





















