ওয়ানপ্লাসের নতুন প্রিমিয়াম স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫ বিশ্ববাজারে এসেছে, তবে যুক্তরাষ্ট্রে এর বিক্রি বিলম্বিত হচ্ছে। দেশটিতে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় (গভর্নমেন্ট শাটডাউন) ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তাই আপাতত সেখানে ফোনটি বাজারে ছাড়তে পারছে না চীনা প্রযুক্তি কোম্পানিটি।
ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন হওয়ার পর। তবে তা কবে নাগাদ সম্ভব হবে সে বিষয়ে এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের সরকার অচলাবস্থা এ প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলেছে।
ভারত, কানাডাসহ আরো কয়েকটি দেশে বিক্রির জন্য এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে ওয়ানপ্লাস ১৫। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ, গেমারদের জন্য উচ্চ রিফ্রেশরেট ডিসপ্লে এবং দুইদিনের ব্যাটারি ব্যাকআপ।
এর আগে উন্মোচনের ঘোষণা দিয়ে কোম্পানিটি এক বিবৃতিতে বলেছিল, নতুন ফোনে পাওয়া যাবে দ্রুত পারফরম্যান্স এবং আরো ভালো এআই ফিচার, যা চলবে অক্সিজেনওএস ১৬ অপারেটিং সিস্টেমে। নতুন ‘ডিটেইলম্যাক্স ইঞ্জিন’ নামের নিজস্ব ফটোগ্রাফি প্রযুক্তির কারণে দিন বা রাত যেকোনো সময়েই তোলা যাবে পরিষ্কার ও উজ্জ্বল ছবি।
যুক্তরাষ্ট্রে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯০০ ডলার (১ লাখ ৯ হাজার টাকার বেশি)। উন্নত সংস্করণের ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজযুক্ত ওয়ানপ্লাসের দাম ১ হাজার ডলার। ভারতে ওয়ানপ্লাস ১৫-এ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৭২ হাজার ৯৯৯ রুপি এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দাম ৭৯ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশী মুদ্রায় ফোনটির দাম পড়বে ১ লাখ টাকার ওপরে।






















