চীন ও নেদারল্যান্ডসের মধ্যকার নেক্সপেরিয়া ইস্যু ঘিরে তৈরি হওয়া উত্তেজনা লিথোগ্রাফি মেশিন (চিপ তৈরির জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক মেশিন) নির্মাতা ডাচ প্রতিষ্ঠান এএসএমএলের ব্যবসায় কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ক্রিস্তফ ফুকেট। ডাচ এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্বল্পমেয়াদে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না এবং সংকটের কঠিন সময়ও পেরিয়ে গেছে।
সম্প্রতি প্রযুক্তি হস্তান্তর-সংক্রান্ত আশঙ্কার কারণে ডাচ সরকার চিপ নির্মাতা নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নেয়। এরপর নেক্সপেরিয়ার ইউরোপীয় কার্যক্রম ও তাদের চীনা কারখানার মধ্যে অচলাবস্থা তৈরি হয়। এ কারণে কোম্পানিটির তৈরি চিপের সরবরাহ ব্যাহত হয়, যা বৈশ্বিক অটোমোটিভ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহে বিঘ্ন ঘটায় গাড়ি নির্মাতাদের ওপর চাপ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নেক্সপেরিয়ার এসব চিপ গাড়ির ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে অপরিহার্য। সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিশ্বব্যাপী গাড়ি নির্মাতারা চাপের মুখে পড়তে পারে।
ফুকেট মনে করেন, এমন স্পর্শকাতর বিষয়ে আগেই আলোচনায় বসা উচিত ছিল। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর আগে কথা বলা জরুরি। এবার হয়তো সেটা ঠিকভাবে হয়নি।
পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে একটি ডাচ প্রতিনিধি দল চীন সফর করবে। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত উত্তেজনা কমবে বলে আশা করা হচ্ছে।






















