চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমি নিজেদের কারখানায় কাজের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। কোম্পানিটির প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যেই তাদের কারখানায় মানবাকৃতির (হিউম্যানয়েড) রোবটকে কাজ করতে দেখা যাবে। তার মতে, এ পদক্ষেপের অগ্রগতি অনেকের ধারণার চেয়েও দ্রুত। খবর গিজমোচায়না।
বেইজিং ডেইলিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির কারণে এটি এখন শুধু সহায়ক সরঞ্জাম নয়, বরং আধুনিক শিল্পকারখানার নকশার মূল অংশে পরিণত হয়েছে। মানুষের মতো দেখতে রোবট ধীরে ধীরে এমন সব কাজ হাতে নেবে, যেগুলো এতদিন পুরোপুরি মানুষের ওপর নির্ভর করত।’
তিনি শাওমির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন প্লান্টের উদাহরণ দেন। সেখানে গাড়ির বড় ডাই-কাস্ট কাঠামো পরীক্ষার কাজটি আগে করত মানুষ । এটি সময়সাপেক্ষ এবং ভুলের সম্ভাবনা থাকত। কিন্তু এখন শাওমি সে কাজে এক্স-রে ও এআইচালিত ভিশন সিস্টেম ব্যবহার করছে, যা কয়েক সেকেন্ডেই পরীক্ষা শেষ করতে পারে। একই সঙ্গে তা মানুষের চেয়ে প্রায় দশ গুণ দ্রুত এবং অনেক বেশি নির্ভুল।
তিনি মনে করেন, এ ধরনের প্রযুক্তিগত উন্নয়ন অটোমেশন কেন্দ্রিক কোম্পানিগুলোর জন্য বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। ভবিষ্যতে এ বাজারের আকার ১ ট্রিলিয়ন ইউয়ান (১৪ হাজার ১৩৩ কোটি ডলারের কিছু বেশি) পর্যন্ত হতে পারে বলে প্রত্যাশা তার। তবে পুরো কাজের ক্ষেত্রটি খুব জটিল, তাই একক কোম্পানির পক্ষে একা সব সামলানো সম্ভব নয়। তাই সামনে এগোতে হলে সহযোগিতা ও যৌথ প্লাটফর্ম তৈরি জরুরি বলে তিনি উল্লেখ করেন।
লেই জুন জানান, পাঁচ বছরের মধ্যে শাওমি তাদের উৎপাদন খাতে এসব রোবট কাজে লাগাতে চায়। ভবিষ্যতে গৃহস্থালির কাজেও এসব রোবটের চাহিদা বাড়বে। তার মতে, চীনের শিল্প খাতকে এখন আর সস্তা শ্রমের ওপর ভরসা করলে চলবে না। বৈশ্বিক প্রতিযোগিতায় জয়ী হতে বেইজিংকে আরো আধুনিক ও উন্নত উৎপাদন ব্যবস্থার দিকে এগোতে হবে বলেও মনে করেন তিনি।






















