ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। মেটার সঙ্গে অংশীদারত্বে চালু হওয়া এ সেবার মাধ্যমে রবি ও সার্কেল গ্রাহকেরা ডেটা ব্যালান্স শেষ হলেও স্বল্প ডেটা ব্যবহার করে ইনস্টাগ্রামে যুক্ত থাকতে পারবেন।
গ্রাহকের ডেটা ব্যালান্স শেষ হয়ে গেলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বেসিক মোডে চলে যাবে। এ সময় নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে গ্রাহকেরা ফিড দেখা, স্ক্রল করা এবং বিভিন্ন হালনাগাদ তথ্য পাওয়ার সুযোগ পাবেন।
নতুন ডেটা প্যাক কেনা পর্যন্ত গ্রাহকদের অনলাইনে যুক্ত রাখার মাধ্যমে ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানোই এ সেবার মূল লক্ষ্য। পাশাপাশি ইনস্টাগ্রাম থেকেই সরাসরি মোবাইল রিচার্জ করার প্রক্রিয়াও সহজ হবে।
মেটার বিভিন্ন অ্যাপে রবির বিদ্যমান ডিজিটাল সেবার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও স্বল্প ডেটার ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।




















