কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাথে ফাইভ-জি (5G) এবং সিক্স-জি (6G) মোবাইল প্রযুক্তির সমন্বয়ের ওপর একটি উচ্চ পর্যায়ের প্রশিক্ষণে অংশ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুজন কর্মকর্তা চীন সফরে যাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে তাদের এই বিদেশ ডেপুটেশনের অনুমোদন দেওয়া হয়েছে।
কর্মকর্তা দুজন হলেন—বিটিআরসির স্পেকট্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এবং প্রকৌশল ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন।
আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত (ভ্রমণের সময় ব্যতীত) চীনে অনুষ্ঠিতব্য “এপিটি প্রশিক্ষণ কোর্স – ৫জি এবং ৬জি মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সংহতকরণ” (APT Training Course – Integration of Artificial Intelligence with 5G and 6G Mobile Communication Systems) শীর্ষক কর্মশালায় তারা অংশগ্রহণ করবেন।
সরকারি আদেশ অনুযায়ী, এই সফরের সময়কাল তাদের কর্তব্যকাল হিসেবে গণ্য হবে।
সফরের ব্যয়ভারের ক্ষেত্রে, সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসানের বিমান ভাড়া এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) বহন করবে এবং তার থাকা-খাওয়া ও দৈনিক ভাতার খরচ বিটিআরসি প্রদান করবে। অন্যদিকে, সহকারী পরিচালক শাহাদাত হোসেনের বিমান ভাড়া বিটিআরসি বহন করবে এবং তার থাকা-খাওয়া ও দৈনিক ভাতার খরচ এপিটি প্রদান করবে।






















