অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রবি আজিয়াটা লিমিটেডের সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসানের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের প্রতিবেদন সূত্রে জানা যায়, মো. রাকিবুল হাসান ২০২১ সালের সেপ্টেম্বরে তার সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সেই বিবরণী যাচাইকালে দেখা যায়, তিনি ৩৩ লাখ ৫৯ হাজার ১২১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।
এছাড়াও, রবির সাবেক এই কর্মকর্তা ৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।






















