আন্তর্জাতিক প্রযুক্তি জায়ান্ট সিসকোর মর্যাদাপূর্ণ ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’ আয়োজনে প্রতিষ্ঠানটিকে ‘সিসকো পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫ – বাংলাদেশ’ হিসেবে ভূষিত করা হয়।
এই গৌরবময় অর্জন উদযাপনের লক্ষ্যে গত সোমবার (৬ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক বিশেষ স্বীকৃতি ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে ইএসএল।
অনুষ্ঠানে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ দেশের আইটি খাতে দক্ষ জনশক্তির তীব্র সংকটের কথা তুলে ধরেন। সিসকোকে স্থানীয়ভাবে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের তৈরি করা অনেক কর্মীই এখন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন। প্রি-সেলস ও পোস্ট-সেলসে জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। সিসকোর উচিত স্থানীয়ভাবে মানবসম্পদ তৈরিতে আরও বিনিয়োগ ও উদ্যোগ নেওয়া। তা না হলে আগামী দিনে দক্ষ লোক পাওয়া কঠিন হবে এবং পেলেও তা বেতন সীমার বাইরে চলে যাবে।”
এই সংকট মোকাবিলায় নিজেদের উদ্যোগের কথা জানিয়ে আব্দুল ফাত্তাহ বলেন, দক্ষ তরুণ সমাজ তৈরিতে ইএসএল সম্প্রতি একটি নিজস্ব ট্রেনিং ল্যাব ‘সিএসএল ক্লাসরুম’ স্থাপন করেছে, যেখান থেকে প্রতি ৩ মাসে অন্তত ৫০ জন তরুণকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে ‘গো বিগ, গো বোল্ড’ স্লোগানকে সামনে রেখে সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, সিসকো বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে থেকেই ইএসএল এ দেশে সিসকো ব্র্যান্ড নিয়ে কাজ শুরু করে। অংশীদারদের লয়্যালটি ও দক্ষতার কারণেই সিসকো আজ বাংলাদেশে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছে।
অনুষ্ঠানে প্রযুক্তি ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, সিসকো ইন্ডিয়া ও সার্ক পার্টনার সেলসের চ্যানেল সেলস লিডার আনোয়ার হালিম এবং প্রোগ্রাম ম্যানেজার সি.এম. মোহন গণেশ।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইএসএল এবং সিসকোর দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ভবিষ্যৎ পথচলাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরু করার পর থেকে গত দেড় দশকে সরকারি ও বেসরকারি খাতের ১ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ বা ‘মিশন-ক্রিটিক্যাল’ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে ইএসএল। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইএসএল-এ ২৫০ জনেরও বেশি সার্টিফাইড প্রকৌশলী কর্মরত আছেন, যা দেশে সিসকো-সার্টিফাইড দক্ষ জনবলের অন্যতম বৃহৎ সমন্বয়।





















