অ্যান্ড্রয়েড ১৭-এর স্থিতিশীল (স্টেবল) সংস্করণ রোলআউট শুরু করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এর মাধ্যমে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের আগেই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের হাতে পৌঁছে দিল কোম্পানিটি।
শাওমি জানিয়েছে, তাদের হাইপারওএস ৩ (HyperOS 3)-ভিত্তিক এই আপডেট প্রথম ধাপে Xiaomi 17, Xiaomi 17 Ultra এবং Xiaomi 17T Pro মডেলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গুগল গত জুনে নিজেদের পিক্সেল স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৭ প্রকাশের পর অন্যান্য নির্মাতারা এখনও বেটা পরীক্ষায় থাকলেও, শাওমি ফ্ল্যাগশিপ ডিভাইসে স্টেবল সংস্করণ সরবরাহ শুরু করেছে।
প্রথমে ভারতের একজন ব্যবহারকারী তার Xiaomi 17-এ আপডেট পাওয়ার তথ্য জানান। আপডেটটির ফার্মওয়্যার ভার্সন 3.0.331.0.XPCINXM.C10, যাতে ৫ জুনের অ্যান্ড্রয়েড নিরাপত্তা (Security Patch) যুক্ত রয়েছে।
ভারতের পাশাপাশি ইউরোপ এবং আরও কয়েকটি আন্তর্জাতিক বাজারেও ধাপে ধাপে আপডেট পৌঁছাতে শুরু করেছে।
শাওমি ১৭ ও ১৭ আল্ট্রা একই সফটওয়্যার বিল্ড পেলেও, এবার প্রথম ধাপেই Xiaomi 17T Pro-কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে Xiaomi 17T আপাতত এই তালিকায় নেই।
কিছু ব্যবহারকারীর মতে, আপডেট নোটিফিকেশনে এটি সাধারণ নিরাপত্তা আপডেট হিসেবে দেখানো হচ্ছে। তবে ডাউনলোডের আকার প্রায় ৭.২ গিগাবাইট, যা একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এ কারণে আপডেট ইনস্টলের আগে রিলিজ নোট ভালোভাবে পড়ে নেওয়া এবং প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




















