ওয়ারেন্টিতে দেওয়া গ্রাফিকস কার্ড ফেরত না দিয়ে ক্রয়মূল্যের মাত্র ৫০ শতাংশ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান টেকল্যান্ডের (Techland) বিরুদ্ধে। প্রায় এক মাস অপেক্ষার পর নির্ধারিত ডেলিভারির দিনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। একই সঙ্গে কম্পিউটারের প্রাথমিক পরীক্ষায় গ্রাফিকস কার্ডের ত্রুটি শনাক্ত না করায় তাঁকে অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হয়েছে বলেও দাবি তাঁর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই গ্রাহক জানান, গত ২৯ সেপ্টেম্বর তাঁর ব্যক্তিগত কম্পিউটারে (পিসি) সমস্যা দেখা দিলে সেটি টেকল্যান্ডের আগারগাঁওয়ের আইডিবি শাখায় নিয়ে যান। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রসেসর ও মাদারবোর্ড ওয়ারেন্টির জন্য পাঠানো হয়।
তিন দিন পর টেকল্যান্ড থেকে তাঁকে ফোন করে জানানো হয়, মাদারবোর্ড পুড়ে যাওয়ায় সেটি ওয়ারেন্টির আওতায় পরিবর্তন করা সম্ভব নয়। তবে নতুন প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়।
পরবর্তী সময়ে ২৬ অক্টোবর নতুন মাদারবোর্ড কিনে টেকল্যান্ডে নিয়ে যান ওই গ্রাহক। সেখানে পিসি সেটআপ করার পর দেখা যায়, গ্রাফিকস কার্ড থেকে মনিটরে কোনো ডিসপ্লে আউটপুট আসছে না। তখন গ্রাফিকস কার্ডটিও ওয়ারেন্টির জন্য পাঠানোর পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।
গ্রাহকের প্রশ্ন, প্রথমবার পিসি পরীক্ষা করার সময় গ্রাফিকস কার্ডের সমস্যাটি কেন শনাক্ত করা হয়নি? এ বিষয়ে জানতে চাইলে টেকল্যান্ডের পক্ষ থেকে ভুল স্বীকার করে জানানো হয়, সেদিন গ্রাফিকস কার্ডটি সঠিকভাবে পরীক্ষা করা হয়নি বলে দাবি ওই গ্রাহকের।
অভিযোগ অনুযায়ী, গ্রাফিকস কার্ডটি ওয়ারেন্টির জন্য পাঠানোর পর ২০ নভেম্বর ডেলিভারির তারিখ নির্ধারণ করে টেকল্যান্ড। এর মধ্যে ১১ নভেম্বর গ্রাহক নিজে যোগাযোগ করলে তাঁকে নতুন গ্রাফিকস কার্ড দেওয়া হবে বলে জানানো হয়। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে বলা হয়।
তবে নির্ধারিত ডেলিভারির তারিখ ২০ নভেম্বর যোগাযোগ করার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের স্টকে ওই গ্রাফিকস কার্ড নেই। এ অবস্থায় টাকা ফেরত দেওয়া হবে, তবে ক্রয়মূল্যের মাত্র ৫০ শতাংশ দেওয়া সম্ভব বলে জানানো হয়।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গ্রাহক প্রশ্ন তুলেছেন, নতুন গ্রাফিকস কার্ড দেওয়ার আশ্বাস দেওয়ার পর কেন নির্ধারিত ডেলিভারির দিনে এসে স্টকে পণ্য না থাকার কথা জানানো হলো? আর টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কেন ক্রয়মূল্যের অর্ধেক দেওয়া হবে, সে ব্যাখ্যাও চেয়েছেন তিনি।
এ ছাড়া টেকল্যান্ডের ওয়েবসাইটে তাঁর ব্যবহৃত গ্রাফিকস কার্ডটি এখনো ‘অ্যাভেইলেবল’ দেখাচ্ছে বলেও দাবি করেছেন ওই গ্রাহক। অথচ তাঁকে স্টকে পণ্য নেই বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
গ্রাহকের দাবি, টেকল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা পাঠানোর পাশাপাশি ওয়েবসাইটে অভিযোগ জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন তিনি।
তিনি টেকল্যান্ডের কাছে গ্রাফিকস কার্ডটি মেরামত করে দেওয়া অথবা সমমানের নতুন গ্রাফিকস কার্ড সরবরাহের দাবি জানিয়েছেন। সেটি সম্ভব না হলে ক্রয়মূল্যের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দীর্ঘ সময় অপেক্ষা করানোর কারণ এবং ৫০ শতাংশ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও চেয়েছেন।





















