বিক্রয়-পরবর্তী সেবা Dazzle Care+ নিয়ে গ্রাহকের অভিযোগের বিষয়ে টেকজুমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট গ্রাহককে ফোন প্রতিস্থাপন করে দিয়েছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Dazzle। OnePlus 15 CN Variant ফোনের ফার্মওয়্যার পরিবর্তনকে কেন্দ্র করে Care+ সুবিধা দিতে অস্বীকৃতির অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত ফোন প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।
এর আগে ওই গ্রাহক অভিযোগ করেছিলেন, প্রায় পাঁচ মাস আগে Dazzle থেকে OnePlus 15 CN Variant ফোন কেনার পাশাপাশি Dazzle Care+ প্যাকেজ নিয়েছিলেন তিনি। কেনার সময় বিক্রয়কর্মীরা ফোনের সব ধরনের সমস্যা Care+–এর আওতায় কভার করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের ভিত্তিতেই অতিরিক্ত অর্থ দিয়ে সেবাটি গ্রহণ করেন তিনি।
গ্রাহকের ভাষ্য অনুযায়ী, ফোনটির চায়না সংস্করণের ফার্মওয়্যার পরিবর্তন করে ইন্ডিয়ান ফার্মওয়্যার ব্যবহার করছিলেন তিনি। প্রায় চার থেকে পাঁচ মাস স্বাভাবিকভাবে ব্যবহারের পর একটি OTA সফটওয়্যার আপডেট ইনস্টল করতে গিয়ে ফোনটি ব্রিক হয়ে যায়।
এ অবস্থায় ফোনটি Dazzle-এর শোরুমে নিয়ে গেলে Care+ থাকার কারণে তাঁকে দুশ্চিন্তা না করার আশ্বাস দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি প্রায় ১০ থেকে ১২ দিন চেষ্টা করেও ফোনটি সচল করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। পরে Oppo সার্ভিস সেন্টারে নিয়ে গেলে সেখানে তাঁকে ফোনের আইসি (IC) নষ্ট হওয়ার কথা জানানো হয়।
এদিকে ফার্মওয়্যার পরিবর্তনের বিষয়টি সামনে এনে Dazzle Care+ কর্তৃপক্ষ ফোনটির মেরামত বা প্রতিস্থাপন করতে অস্বীকৃতি জানিয়েছিল বলে অভিযোগ করেন গ্রাহক। তাঁর দাবি, কেনার সময় দেওয়া মূল মেমোতে ‘Software Excluded’ নামে কোনো শর্ত উল্লেখ ছিল না। এমনকি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত Care+–এর শর্তাবলিতেও ফার্মওয়্যার পরিবর্তনকে সেবার বাইরে রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল না।
এ নিয়ে প্রশ্ন তুলে ২ নভেম্বর ২০২৬ তারিখে লিখিত অভিযোগ করেন ওই গ্রাহক। তাঁর অভিযোগের বিষয়টি নিয়ে টেকজুমে সংবাদ প্রকাশের পর Dazzle শেষ পর্যন্ত ফোনটি প্রতিস্থাপন করে দিয়েছে।
এ ঘটনায় গ্রাহকের অভিযোগের সমাধান হলেও বিক্রয়-পরবর্তী সেবার শর্তাবলি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে Care+ প্যাকেজের আওতায় কোন ধরনের সমস্যা কভার করা হবে, ফার্মওয়্যার পরিবর্তনের ক্ষেত্রে কী বিধিনিষেধ রয়েছে এবং এসব শর্ত ক্রয়ের সময় গ্রাহককে কতটা স্পষ্টভাবে জানানো হচ্ছে—তা নিশ্চিত করা জরুরি।
গ্রাহকের অভিযোগ প্রকাশের পর ফোন প্রতিস্থাপনের সিদ্ধান্ত ভোক্তার সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ। তবে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে Care+–এর সব শর্ত ক্রয়ের সময় লিখিতভাবে জানানো এবং মেমো ও ওয়েবসাইটে একই নীতিমালা প্রকাশ করা প্রয়োজন।
















