এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা দিয়েও নষ্ট স্মার্টওয়াচ বদলে নিতে গিয়ে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন শ্রাবন্তী দেব নাথ নামে এক গ্রাহক। তাঁর অভিযোগ, প্রথমে পণ্যটি বদলে দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করা হয়। পরে একই মডেলের ওয়াচ নেই জানিয়ে অতিরিক্ত টাকা দিয়ে নতুন ওয়াচ কেনার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু প্রতিবাদ করার পরপরই দোকান থেকে একই মডেলের একটি নতুন ওয়াচ দেখানো হয়।
শ্রাবন্তী দেব নাথের ভাষ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের সানমার শপিং কমপ্লেক্সে ড্যাজল শপ থেকে একটি Mibra C4 স্মার্টওয়াচ কেনেন তিনি। কেনার সময় এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য মূল দামের বাইরে অতিরিক্ত ৩০০ টাকাও দেন।
তাঁর অভিযোগ, সম্প্রতি ওয়াচটিতে চার্জিং সমস্যা দেখা দেয়। চার্জারের সংযোগ খুলে আবার লাগালে চার্জ হলেও ব্যাটারির চার্জ ১৮ শতাংশের বেশি বাড়ছিল না। এ সমস্যা নিয়ে তিনি ড্যাজল শপের কোহিনুর সিটি শাখায় যান। তাঁর দাবি, সানমার শাখা থেকে কার্যক্রম সরিয়ে নেওয়ার পর তিনি ওই শাখায় সেবা নিতে যান।
সেখানে ‘লিজন’ নামের এক বিক্রয়কর্মীকে সমস্যার কথা জানালে তিনি বিষয়টি গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন শ্রাবন্তী। তাঁর ভাষ্য, ওই কর্মী বলেন, ‘চার্জ তো হয়, একটু খুলে দিলেই হবে।’
শ্রাবন্তী জানান, পরে তিনি জানতে চান, রিপ্লেসমেন্টের আওতায় ওয়াচটি বদলে দেওয়া যাবে কি না। তখন তাঁকে বলা হয়, ওই মডেলের ওয়াচ নেই। চাইলে অতিরিক্ত টাকা দিয়ে নতুন একটি ওয়াচ নিতে পারবেন।
গ্রাহকের দাবি, তিনি তখন ঢাকা থেকে একই মডেলের ওয়াচ এনে দেওয়ার অনুরোধ করেন। বিক্রয়কর্মী তাঁকে পরে জানানো হবে বলে আশ্বাস দেন। কিন্তু ছয় দিন পর নিজে ফোন করলে তাঁকে জানানো হয়, ঢাকায় ওই ওয়াচ নেই। একই সঙ্গে বিক্রয়কর্মী জানান, তাঁকে বিষয়টি জানাতে ভুলে গিয়েছিলেন।

শ্রাবন্তীর অভিযোগ, পরে দোকানে গেলে আরেক বিক্রয়কর্মীও তাঁকে এক হাজার টাকার বেশি অতিরিক্ত দিয়ে নতুন ওয়াচ কেনার প্রস্তাব দেন। তবে তিনি এ প্রস্তাবে আপত্তি জানালে হঠাৎ দোকান থেকে একই Mibra C4 মডেলের একটি নতুন ওয়াচ বের করে দেখানো হয়। তাঁকে বলা হয়, ‘এক পিস আছে, কালকে এসেছে।’
এ ঘটনায় প্রশ্ন তুলে শ্রাবন্তী বলেন, একই মডেলের ওয়াচ দোকানে থাকা সত্ত্বেও আগে কেন তাঁকে সেটি নেই বলে জানানো হয়েছিল? এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার পরও কেন তাঁকে নতুন করে টাকা দিয়ে ওয়াচ কেনার প্রস্তাব দেওয়া হলো?
গ্রাহকের অভিযোগ, এ ঘটনায় তাঁকে অযথা হয়রানি করা হয়েছে এবং রিপ্লেসমেন্ট সুবিধা পাওয়ার ক্ষেত্রে অসহযোগিতা করা হয়েছে। তিনি ড্যাজল শপ থেকে কেনাকাটার আগে গ্রাহকদের পণ্যের ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্টের শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন।




















