চীনের বাজারে আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে অপোর নতুন স্মার্টফোন সিরিজ ‘রেনো১৭’। এদিন রেনো১৭ (Reno17) ও রেনো১৭ প্রো (Reno17 Pro) মডেল দুটি বাজারে আনবে প্রতিষ্ঠানটি। উন্মোচনের আগে ফোন দুটির ক্যামেরা ও প্রসেসরসংক্রান্ত বেশ কিছু তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ওপ্পো।
ক্যামেরায় থাকছে বড় চমক
অপোর প্রকাশিত তথ্য অনুযায়ী, রেনো১৭ মডেলে মূল ওয়াইড ক্যামেরাসহ মোট চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। অন্যদিকে, রেনো১৭ প্রো মডেলে থাকছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। আগের প্রজন্মের প্রো মডেলেও একই রেজল্যুশনের মূল ক্যামেরা ব্যবহার করা হয়েছিল।
দুই মডেলে দুই প্রসেসর
পারফরম্যান্সের ক্ষেত্রে রেনো১৭ সিরিজের দুই মডেলে ভিন্ন চিপসেট ব্যবহার করছে অপো। স্ট্যান্ডার্ড রেনো১৭ মডেলে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ (Snapdragon 7 Gen 4) প্রসেসর। আর রেনো১৭ প্রো মডেলটি চলবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৫৫০ সুপার (Dimensity 8550 Super) চিপসেটে।
অ্যান্ড্রয়েড ১৭ ও ছয় বছরের পারফরম্যান্সের প্রতিশ্রুতি
সফটওয়্যারের দিক থেকেও নতুনত্ব থাকছে ফোন দুটিতে। রেনো১৭ সিরিজের উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওপ্পোর নিজস্ব কালারওএস ১৭ (ColorOS 17) অপারেটিং সিস্টেমে চলবে। পাশাপাশি, টানা ছয় বছর ব্যবহারের পরও ফোনগুলোতে নিরবচ্ছিন্ন ও মসৃণ পারফরম্যান্স বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিসপ্লে ও ব্যাটারি নিয়ে যা জানা যাচ্ছে
ফোন দুটির ডিসপ্লে ও ব্যাটারির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি ওপ্পো। তবে সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রেনো১৭ মডেলে থাকতে পারে ৬ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে এবং ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (mAh) ব্যাটারি।
অন্যদিকে, তুলনামূলক কমপ্যাক্ট আকারের রেনো১৭ প্রো মডেলে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। ১৬ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানেই ফোন দুটির পূর্ণাঙ্গ ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



















