নতুন Samsung Galaxy S26 Ultra কিনে ব্যাটারির অস্বাভাবিক চার্জ খরচ ও ক্যামেরার ত্রুটি পেয়েছিলেন এক গ্রাহক। অভিযোগের পর ফোন পরিবর্তন করে দেয় প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Dazzle। তবে পরিবর্তিত ফোনটির ওয়ারেন্টির তথ্য যাচাই করে সেটি আগেই সক্রিয় করা হয়েছিল বলে দাবি করেছেন গ্রাহক। তাঁর অভিযোগ, নতুন ফোনের পরিবর্তে আগে থেকে ব্যবহৃত এবং সম্ভাব্য মেরামত করা ফোন সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী রেজওয়ান দীপ শেখের অভিযোগ, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে Dazzle থেকে Samsung Galaxy S26 Ultra মডেলের স্মার্টফোন কেনেন তিনি। কেনার দিন থেকেই ফোনটির ব্যাটারির অস্বাভাবিক চার্জ খরচ এবং ক্যামেরার বিভিন্ন ত্রুটি নজরে আসে। বিষয়টি কেনার দিনই সংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠানকে জানান তিনি।
অভিযোগে রেজওয়ান জানান, পরবর্তী সময়ে Dazzle-এর বসুন্ধরা সিটি শপিং মল আউটলেটে গেলে তাঁকে যমুনা ফিউচার পার্কের আউটলেটে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সেখানে গিয়ে ফোনের সমস্যার কথা জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোনে কোনো সমস্যা নেই বলে দাবি করেন এবং সেটি পরিবর্তন করতে অপারগতা প্রকাশ করেন।
পরে প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ফোন পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের ভিত্তিতে গত ৩ নভেম্বর Dazzle-এর যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে আগের ফোনটির পরিবর্তে আরেকটি Samsung Galaxy S26 Ultra দেওয়া হয়।
নতুন ফোন হাতে পাওয়ার পর সেটির আইএমইআই নম্বর দিয়ে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ারেন্টির তথ্য যাচাই করেন রেজওয়ান। সেখানে ফোনটির সীমিত ওয়ারেন্টির মেয়াদ ২০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত দেখানো হয়।
গ্রাহকের সরবরাহ করা স্ক্রিনশট অনুযায়ী, পরিবর্তিত ফোনটির মডেল নম্বর SM-S948B এবং সিরিয়াল নম্বর R5GL72CZL0E। ওয়ারেন্টি শেষ হওয়ার তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৭।
রেজওয়ানের দাবি, ৩ নভেম্বর ফোনটি তাঁকে সরবরাহ করা হলেও ওয়ারেন্টির তথ্য অনুযায়ী সেটি প্রায় এক মাস ১৩ দিন আগেই সক্রিয় হয়েছিল। ফলে নতুন ফোনের পরিবর্তে আগে থেকেই সক্রিয় করা ফোন সরবরাহ করা হয়েছে বলে সন্দেহ করছেন তিনি।
তাঁর আরও অভিযোগ, পরিবর্তিত ফোনটি ভালোভাবে পরীক্ষা করে দেখার পর এর ডিসপ্লেতে আগে পরিবর্তনের চিহ্ন এবং সামনের ক্যামেরায় ত্রুটি দেখতে পান। এতে ফোনটি আগে ব্যবহৃত বা মেরামত করা হয়েছিল কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
Dazzle-এর সরবরাহ করা ইনভয়েসে দেখা যায়, ৩ নভেম্বর ২০২৬ তারিখে Samsung Galaxy S26 Ultra 5G-এর একটি ইউনিটের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা। এতে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের Cobalt Violet সংস্করণের উল্লেখ রয়েছে।
ইনভয়েসের Exchange/Return অংশেও আগের ফোনের পরিবর্তে নতুন একটি ইউনিট দেওয়ার লেনদেনের তথ্য রয়েছে। পরিবর্তিত ফোনটির আইএমইআই নম্বরও ইনভয়েসে উল্লেখ করা হয়েছে।
একদিকে প্রতিষ্ঠানের ইনভয়েসে ফোন পরিবর্তনের তথ্য, অন্যদিকে Samsung-এর ওয়ারেন্টি পেজে আগে থেকে শুরু হওয়া ওয়ারেন্টির তথ্য—দুটি নথি সামনে রেখে প্রশ্ন তুলেছেন গ্রাহক।
ভোক্তা অধিকার অধিদপ্তরে লিখিত অভিযোগ
এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন রেজওয়ান দীপ শেখ। অভিযোগপত্রে তিনি পুরো ঘটনার বিবরণ, ফোন কেনার তারিখ, পরিবর্তনের তারিখ এবং পরিবর্তিত ফোনের আইএমইআই উল্লেখ করেছেন।
অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে Dazzle-এর ক্রয় ও পরিবর্তিত ফোনের ইনভয়েস এবং Samsung-এর ওয়ারেন্টি-সংক্রান্ত স্ক্রিনশটও সংযুক্ত করেছেন তিনি।
অভিযোগপত্রে রেজওয়ানের দাবি, নতুন ফোনের আশ্বাস দিয়ে তাঁকে এমন একটি ফোন সরবরাহ করা হয়েছে, যা তাঁর কাছে দেওয়ার আগেই সক্রিয় ছিল বলে প্রতীয়মান হচ্ছে। ফোনটির ডিসপ্লে ও ক্যামেরার ত্রুটিও তাঁর অভিযোগকে আরও জোরালো করেছে।
একজন ক্রেতা হিসেবে নতুন ফোনের মূল্য পরিশোধ করে নতুন ও অব্যবহৃত পণ্য পাওয়ার প্রত্যাশা তাঁর। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।



















