ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘এক্স৫০০’-এর (X500) নতুন মডেল হিসেবে বাজারে আসতে পারে ‘ভিভো এক্স৫০০এস’ (vivo X500s)। ফোনটির প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারি নিয়ে নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন চীনের পরিচিত প্রযুক্তি তথ্য ফাঁসকারী ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station)। এসব তথ্য সত্য হলে বড় ডিসপ্লে, উন্নত টেলিফটো ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে আসতে পারে ফোনটি।
থাকতে পারে ২কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ ডিসপ্লে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভিভো এক্স৫০০এস ফোনে থাকতে পারে ৬ দশমিক ৮৫ ইঞ্চির ফ্ল্যাট এলটিপিও (LTPO) ডিসপ্লে। এর রেজল্যুশন হতে পারে ২কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফলে স্ক্রলিং, গেম খেলা ও ভিডিও দেখার ক্ষেত্রে মসৃণ অভিজ্ঞতা দিতে পারে ডিসপ্লেটি।
ডাইমেনসিটি ৯-সিরিজের প্রসেসর
পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯-সিরিজের চিপসেট ব্যবহার করা হতে পারে। সম্ভাব্য চিপসেট হিসেবে ডাইমেনসিটি ৯৬০০ প্রো অথবা ডাইমেনসিটি ৯৬০০এম-এর নাম আলোচনায় রয়েছে। তবে কোন প্রসেসরটি ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা
ক্যামেরার ক্ষেত্রে ভিভো এক্স৫০০এসে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। এটি পূর্বসূরি এক্স৩০০এস মডেলের ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার তুলনায় বেশি রেজল্যুশনের সেন্সর হতে পারে। পাশাপাশি ফোনটিতে জেইসের (ZEISS) অপটিকস ব্যবহারের সম্ভাবনার কথাও জানা যাচ্ছে।
ব্যাটারিও হতে পারে আরও বড়
ব্যাটারির সক্ষমতার দিক থেকেও উন্নতি দেখা যেতে পারে নতুন মডেলটিতে। তথ্য ফাঁসকারীর দাবি, এক্স৫০০এসের ব্যাটারি আগের এক্স৩০০এস মডেলের ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারির চেয়েও বড় হবে। তবে নতুন ব্যাটারির সুনির্দিষ্ট সক্ষমতা এখনো প্রকাশ করা হয়নি।
২০২৭ সালের প্রথমার্ধে আসতে পারে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ভিভো এক্স৫০০এস আগামী বছরের (২০২৭) প্রথম অথবা দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসতে পারে। একই সময়ে এক্স৫০০ আল্ট্রা মডেলও উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে ফোনটির নাম, পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও বাজারে আসার সময় সম্পর্কে ভিভোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই এসব তথ্যকে আপাতত সম্ভাব্য স্পেসিফিকেশন হিসেবেই বিবেচনা করতে হবে।





















