Dazzle এর বসুন্ধরা শপিং মল ব্রাঞ্চ থেকে কেনা নতুন IPhone 18 Pro Max এর ব্যাক ক্যামেরার ভেতরে ধুলা পাওয়ার অভিযোগ তুলেছেন আশিকুর রহমান নামে এক গ্রাহক। এ ঘটনায় ফোন বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
আশিকুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর তাঁর মামা উপহার হিসেবে তাঁর জন্য ড্যাজল থেকে একটি নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন। পরে ১৮ অক্টোবর তিনি ফোনটি আনবক্স করেন। এরপর গত ১৪ নভেম্বর ফোনে ব্যাক পলি লাগাতে বসুন্ধরা শপিং মলের একটি দোকানে গেলে দোকানটির কর্মীরা ব্যাক ক্যামেরার ভেতরে ধুলা দেখতে পান।
আশিকুরের দাবি, বিষয়টি নিজেও পরীক্ষা করে দেখেন তিনি। ক্যামেরার গ্লাসের ভেতরে ধুলা থাকায় কাপড় দিয়ে পরিষ্কার করার পরও তা দূর হয়নি। বিষয়টি জানাতে তিনি তাৎক্ষণিকভাবে ড্যাজলের বসুন্ধরা শাখায় যান। সেখানে প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মী তাঁকে জানান, ফোনের এয়ারপিস দিয়ে ধুলা প্রবেশ করেছে।
তবে বিক্রয়কর্মীর এমন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলেন আশিকুর। তাঁর ভাষ্য, বিষয়টি নিয়ে অনলাইনে খোঁজাখুঁজি করেও এয়ারপিস দিয়ে ফোনের ব্যাক ক্যামেরার ভেতরে ধুলা প্রবেশের সম্ভাবনা আছে বলে খুজে পান নি। এ সময় ফোনটির সমস্যার দায় প্রতিষ্ঠান নিতে আগ্রহী নয় বলেও অভিযোগ করেন তিনি।
ফোনটির দাম দুই লাখ টাকার বেশি উল্লেখ করে আশিকুর বলেন, এত দাম দিয়ে নতুন ফোন কেনার পরও যদি বিক্রেতা প্রতিষ্ঠান কোনো দায়ভার নিতে না চায়, তাহলে বিক্রির সময় দেওয়া প্রতিশ্রুতির মূল্য কোথায়?
দুরবীন নিউজের সাথে কথা বলার সময় আশিক দাবি করেন, কয়েকজনের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, ড্যাজল ত্রুটিপূর্ণ পণ্য কম দামে দেশে এনে বিক্রি করে থাকে। তাঁর কেনা ফোনটিও এমন কোনো ত্রুটিপূর্ণ ডিভাইস কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
তার অভিযোগ, তার জন্য নেওয়া ফোনটি যেহেতু গিফটের জন্য নেওয়া হচ্ছে তাই শপে আনবক্সিং করা হবে না জেনেই তারা এই সুযোগে ফল্টি প্রোডাক্টটা সেল করে দিয়েছে।
একই সঙ্গে ড্যাজল থেকে ফোন বা অন্যান্য গ্যাজেট কেনার আগে ক্রেতাদের যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন আশিকুর রহমান।
এদিকে, অভিযোগের বিষয়ে ড্যাজল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




















