কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের ভিডিও দেখছে, প্রতিদিন কতক্ষণ সময় কাটাচ্ছে এবং কোন কনটেন্টে তাদের আগ্রহ তৈরি হচ্ছে—এসব তথ্য অভিভাবকদের জানাতে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারে নতুন সুবিধা যুক্ত করেছে টিকটক। নতুন ড্যাশবোর্ডের মাধ্যমে সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নিরাপত্তা ও ব্যবহারের সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা।
টিকটকের দাবি, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আগে থেকেই বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, বয়স উপযোগী কনটেন্ট প্রদর্শন এবং প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট স্ক্রিন টাইমের সীমা। এসব ব্যবস্থার পাশাপাশি নতুন করে সাজানো ফ্যামিলি পেয়ারিং অভিভাবকদের সন্তানের ডিজিটাল অভ্যাস বুঝতে সহায়তা করবে।
নতুন ড্যাশবোর্ডে যেসব তথ্য দেখা যাবে
ফ্যামিলি পেয়ারিংয়ের নতুন ড্যাশবোর্ডে চারটি গুরুত্বপূর্ণ বিভাগ রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে সন্তানের টিকটক ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন অভিভাবকেরা।
স্ক্রিন টাইম: সন্তান প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করছে এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে কোন সেটিংস চালু রয়েছে, তা দেখা যাবে। ফলে সন্তানের অনলাইন সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাবেন অভিভাবকেরা।
অনলাইন যোগাযোগ: ড্যাশবোর্ডের ‘কানেকশন’ বিভাগে সন্তানের ফলোয়ার ও ফলোয়িংয়ের সংখ্যা কীভাবে পরিবর্তিত হচ্ছে, কোন অ্যাকাউন্টগুলোর সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং কোন অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, তা দেখা যাবে।
কনটেন্টে আগ্রহ: সন্তান যেসব যাচাইকৃত (ভেরিফায়েড) ক্রিয়েটরকে অনুসরণ করে, তাঁদের কিছু নমুনা কনটেন্ট দেখতে পারবেন অভিভাবকেরা। এর মাধ্যমে সন্তান কোন ধরনের বিষয়ে আগ্রহী এবং কোন অনলাইন কমিউনিটির সঙ্গে যুক্ত, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
পোস্ট: সন্তান প্রতি সপ্তাহে পাবলিক ভিউয়ারদের জন্য যেসব পোস্ট প্রকাশ করবে, সেগুলো দেখতে পারবেন অভিভাবকেরা। পাশাপাশি প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে, সেই তথ্যও পাওয়া যাবে।
আত্মক্ষতি-সম্পর্কিত অনুসন্ধানে সতর্কবার্তা
কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদারে নতুন একটি সতর্কবার্তা ব্যবস্থা চালুর কাজও করছে টিকটক। এ উদ্যোগে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন বোস্টন চিলড্রেনস হসপিটালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞরা। এ ছাড়া রয়েছেন সেফ অনলাইন স্ট্যান্ডার্ডসের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং জনস হপকিনস সেন্টার ফর সুইসাইড প্রিভেনশনের সহযোগী শিক্ষক ড. ড্যান রেইডেনবার্গ।
প্রস্তাবিত ব্যবস্থায় কোনো কিশোর-কিশোরী বারবার নিজের ক্ষতি করার সঙ্গে সম্পর্কিত শব্দ অনুসন্ধান করলে তার অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠানো হবে। এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অভিভাবকেরা আগে থেকেই সতর্ক হতে পারবেন।
শিক্ষকদের জন্য এডুকেটরস গাইড
অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তায়ও উদ্যোগ নিয়েছে টিকটক। এ লক্ষ্যে নতুন একটি ‘এডুকেটরস গাইড’ চালু করেছে প্রতিষ্ঠানটি। শিক্ষক এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে নির্দেশিকাটি তৈরি করা হয়েছে।
এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিভিন্ন তথ্য ও নিরাপত্তা-সংক্রান্ত টুল তুলে ধরা হয়েছে। টিকটক সেফটি সেন্টারে এডুকেটরস গাইডসহ শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তাবিষয়ক অন্যান্য তথ্য পাওয়া যাবে।
টিকটকের নতুন উদ্যোগগুলোর লক্ষ্য, অভিভাবকদের সন্তানের ডিজিটাল অভ্যাস সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা দেওয়া এবং স্কুল পর্যায়ে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো।


















