নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের সিরিয়াল নম্বর অ্যাপলের ওয়েবসাইটে যাচাই করে ক্রয়ের আগের পারচেজ ডেট পেয়েছিলেন এক গ্রাহক। এ ঘটনায় দেশের পরিচিত গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের (Dazzle) বিরুদ্ধে আগে থেকেই অ্যাকটিভ থাকা আইফোন নতুন বলে বিক্রির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে টেকজুমে সংবাদ প্রকাশের পর ফোনটি রিপ্লেসমেন্ট পেয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক মো. রোকন।
রোকনের অভিযোগ, গত ১১ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেজমেন্ট-১-এ ড্যাজলের ০২৩ নম্বর দোকান থেকে তিনি একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন। বিক্রির সময় ফোনটিকে ইনঅ্যাকটিভ বা নতুন হিসেবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু পরে অ্যাপলের আনুষ্ঠানিক ওয়েবসাইটে সিরিয়াল নম্বর দিয়ে যাচাই করে তিনি দেখতে পান, ফোনটির পারচেজ ডেট দেখাচ্ছে ২৭ অক্টোবর ২০২৬।
অর্থাৎ, গ্রাহকের কাছে বিক্রির প্রায় দুই সপ্তাহ আগের একটি তারিখ অ্যাপলের সিস্টেমে দেখা যাচ্ছিল। এ নিয়ে প্রশ্ন তুলে ফোনটি নতুন ও ইনঅ্যাকটিভ হিসেবে বিক্রি করা হয়েছিল কি না, তা জানতে চান রোকন।
গ্রাহকের সরবরাহ করা ইনভয়েস অনুযায়ী, ১১ নভেম্বর ২০২৬ তারিখে ড্যাজলের বসুন্ধরা সিটি শাখা থেকে ২৫৬ জিবি স্টোরেজের একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন তিনি। ফোনটি যুক্তরাষ্ট্রের (ইউএসএ) বাজারের ভ্যারিয়েন্ট বলে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: ‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
ইনভয়েস নম্বর INV-BB1-2611-160497। ফোনটির দাম ধরা হয়েছিল ১ লাখ ৮২ হাজার ১৯৫ টাকা। এর সঙ্গে চার্জার, কেস, গ্লাস প্রটেক্টর ও এক্সটেন্ডেড গ্যারান্টি যুক্ত করে মোট ১ লাখ ৯০ হাজার ৪৭০ টাকা পরিশোধ করেন রোকন।
রোকনের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপলের অফিসিয়াল কভারেজ যাচাইয়ের ওয়েবসাইটে (checkcoverage.apple.com) ফোনটির সিরিয়াল নম্বর দিয়ে অনুসন্ধান করলে পারচেজ ডেট দেখাচ্ছিল ২৭ অক্টোবর ২০২৬। একই সঙ্গে ফোনটির লিমিটেড ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখানো হচ্ছিল ৯ নভেম্বর ২০২৭।
১১ নভেম্বর ফোনটি কেনার পর অ্যাপলের সিস্টেমে এর আগের পারচেজ ডেট দেখতে পেয়ে আপত্তি জানান তিনি। তাঁর প্রশ্ন ছিল, ইনঅ্যাকটিভ বা অব্যবহৃত ফোন হিসেবে বিক্রি করা ডিভাইসটির পারচেজ ডেট কেন বিক্রির আগের তারিখ দেখাচ্ছে?




















