বিশ্বজুড়ে গেমারদের প্রতীক্ষিত গেম ‘জিটিএ ৬’-এর আগমন উদ্যাপন উপলক্ষে গেমারদের নিয়ে বিশেষ আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস। গত ১৯ নভেম্বর রাজধানীতে প্রতিষ্ঠানটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘করসেয়ার প্রেজেন্টস জিটিএ ৬ গ্র্যান্ড অ্যারাইভাল গেমার্স মিট’।
আয়োজনে সরাসরি অংশ নেন ১৭০ জনের বেশি গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও গেমিংপ্রেমী। গেমটির আগমন উদ্যাপনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় সরাসরি খেলার সুযোগ।
তিনটি প্লে-স্টেশন ৫ সেটআপ
আয়োজনস্থলে স্থাপন করা হয় তিনটি প্লে-স্টেশন ৫ (পিএস৫) গেমিং সেটআপ। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ‘জিটিএ ৬’ খেলার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। আয়োজকদের দাবি, অনেকেই গেমটির প্রথম দিনেই সরাসরি খেলার সুযোগ পেয়েছেন।
গেমটির আগমন উদ্যাপন, সরাসরি খেলার অভিজ্ঞতা এবং দেশের গেমিং কমিউনিটির সদস্যদের একত্র হওয়ার সুযোগ—সব মিলিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্মার্ট টেকনোলজিসের এ আয়োজনে গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের গেমিং কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।





















