‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেয়েছেন স্বপ্নের শীর্ষ নির্বাহী সাব্বির নাসির। এ স্বীকৃতিতে আনন্দিত ও আপ্লুত হওয়ার পাশাপাশি পুরস্কারটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মী, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ব্যবসায়িক অংশীদার ও ক্রেতাদের প্রতি উৎসর্গ করেছেন তিনি।
সম্প্রতি নিজের অনুভূতি জানিয়ে দেওয়া এক বক্তব্যে সাব্বির নাসির বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সম্মানিত বিচারকমণ্ডলী ও স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের সিইও হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। স্বপ্নের সঙ্গে দীর্ঘ পথচলার ১৪ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে চেহারায় পরিবর্তন এলেও মানুষ তাঁকে এখনো সেই তরুণ স্বপ্নবাজ হিসেবেই দেখতে ভালোবাসে।
পুরস্কারের স্বীকৃতি ব্যক্তিগত হলেও এর পেছনে বহু মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ জন্য স্বপ্ন পরিবারের সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং ক্রেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়
বক্তব্যে সাব্বির নাসির বলেন, স্বপ্নের লক্ষ্য শুধু বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়; বরং একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
এ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এবং কৃষকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি। পাশাপাশি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, অটিজম স্পেকট্রামে থাকা ব্যক্তি এবং প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় তরুণদের পাশে থাকার অঙ্গীকারের কথা জানান।
তাঁর মতে, সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির কারণে অনেক মানুষের সম্ভাবনা আড়ালে থেকে যায়। তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাও প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ।
নেতৃত্বে বিনয় ও সহমর্মিতার গুরুত্ব
স্বপ্নের ‘ভ্যালু ট্রি’তে প্রোথিত নেতৃত্বের নীতিমালা চিন্তা, সিদ্ধান্ত ও আচরণে ধারণ করার আহ্বান জানান সাব্বির নাসির। বিশেষ করে কঠিন সময়ে মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, সাফল্য যেন বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা নষ্ট না করে এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে ম্লান না করে।
তাঁর বক্তব্যে নেতৃত্বের সার্থকতা ব্যক্তিগত উচ্চতায় পৌঁছানোর মধ্যে নয়, বরং কতজন মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তার মধ্যেই নিহিত।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতি যখন একজন প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাবে, পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, কৃষকের জীবনে সচ্ছলতা আনবে এবং উপেক্ষিত মানুষের সম্ভাবনার দুয়ার খুলে দেবে, তখনই সেই সাফল্য পূর্ণতা পাবে।
বক্তব্যের শেষাংশে সাব্বির নাসির বলেন, পুরস্কার অতীতের অর্জনকে উদ্যাপন করে, আর মূল্যবোধ ভবিষ্যতের পথ নির্ধারণ করে। সম্মিলিত স্বপ্ন নিয়ে পথচলা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।





















