মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ নিয়ে আপত্তি জানিয়েছে একই নামে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসা প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির অভিযোগ, রবির নতুন ব্র্যান্ডের নামের সঙ্গে তাদের প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সাদৃশ্য থাকায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের গ্রাহকসেবা ও ব্যবসায়িক সুনাম।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা নোটিশে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে সার্কেল নেটওয়ার্ক কমিশনের লাইসেন্স নিয়ে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। অন্যদিকে রবি আজিয়াটা লিমিটেড কমিশনের পূর্বানুমোদন ছাড়া ‘সার্কেল’ নাম ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। নোটিশে বিষয়টি মেধাস্বত্ব-সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সার্কেল নেটওয়ার্কের পক্ষ থেকে গত ৮ সেপ্টেম্বর বিটিআরসিতে লিখিত অভিযোগ দেওয়া হয়। এতে বলা হয়, ২০১৬ সাল থেকে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে ইন্টারনেট সেবা দিয়ে প্রতিষ্ঠানটি নিজস্ব গ্রাহকভিত্তি, বাজার পরিচিতি ও ব্যবসায়িক সুনাম তৈরি করেছে। রবির নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ নামের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের নামের ইংরেজি বানান, উচ্চারণ ও দৃশ্যগত পরিচিতিতে উল্লেখযোগ্য মিল রয়েছে। এতে গ্রাহকদের মধ্যে দুই প্রতিষ্ঠানের সেবা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানটির দাবি, রবির নতুন ব্র্যান্ড চালুর পর থেকে গ্রাহকদের একটি অংশ মোবাইল নেটওয়ার্কের সমস্যা ও কল ড্রপের অভিযোগ সার্কেল নেটওয়ার্কের কাছে করছেন। অথচ রবি ও সার্কেল নেটওয়ার্ক সম্পূর্ণ আলাদা দুটি প্রতিষ্ঠান। এ ধরনের ভুল বোঝাবুঝির কারণে তাদের কল সেন্টারে নিয়মিত অভিযোগ আসছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে কর্মীদের বিব্রতকর পরিস্থিতিও তৈরি হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের সমস্যার কথা জানিয়েছে সার্কেল নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির অভিযোগ, রবির মোবাইল নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা নিয়ে অনেকে তাদের ফেসবুক পেজে মন্তব্য করছেন। এতে প্রতিষ্ঠানের কর্মীদের অযাচিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে গড়ে তোলা ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এয়ারটেলের জায়গায় ‘সার্কেল’
বাংলাদেশে এয়ারটেলের কার্যক্রম শুরু হয় ২০১০ সালে। পরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রবি ও এয়ারটেলের একীভূতকরণ কার্যকর হয়। এরপর এয়ারটেল ব্র্যান্ডটি রবির অধীনে পরিচালিত হয়ে আসছিল।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২০ সালের ২৩ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, একীভূতকরণের পর এয়ারটেল আর স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত মোবাইল অপারেটর নয়; এটি রবি আজিয়াটা লিমিটেডের একটি ব্র্যান্ড।
দীর্ঘদিন এয়ারটেল ব্র্যান্ডে সেবা দেওয়ার পর চলতি বছরের ১৭ আগস্ট নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ চালুর ঘোষণা দেয় রবি। এ সময় প্রতিষ্ঠানটি জানায়, এয়ারটেলের বিদ্যমান গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্র্যান্ডের আওতায় স্থানান্তর করা হবে। তবে গ্রাহকদের মোবাইল নম্বর, প্যাকেজ, ব্যালান্স ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না।
তরুণ গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা, বিনোদন ও নতুন অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে এই ব্র্যান্ড পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল রবি।
নতুন ব্র্যান্ডের নাম ঘোষণার পরই আপত্তি তোলে সার্কেল নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির দাবি, একই ধরনের নাম ব্যবহারের কারণে তাদের দীর্ঘদিনের ব্র্যান্ড পরিচিতি ও ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি
বিটিআরসির নোটিশে রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সার্কেল নাম ব্যবহার করে সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও কমিশনকে জানাতে বলা হয়েছে।




















