কেনার মাত্র আট মাসের মাথায় টেলিভিশনের ডিসপ্লে প্যানেল বিকল হয়ে যাওয়ার পর প্রায় তিন মাসেও বিক্রয়োত্তর সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে হাইসেন্স বাংলাদেশের বিরুদ্ধে। ওয়ারেন্টি থাকা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় টেলিভিশনটি প্রতিস্থাপন অথবা সম্পূর্ণ মূল্য ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এক গ্রাহক।
গ্রাহকের অভিযোগ, তিনি হাইসেন্সের ৪৩ ইঞ্চি মডেলের ‘এ৬এফ৩’ (Hisense A6F3) টেলিভিশনটি কেনার আট মাসের মাথায় ডিসপ্লে প্যানেলে গুরুতর ত্রুটি দেখতে পান। পরে ওয়ারেন্টির আওতায় সেবা পেতে প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ারে যোগাযোগ করে অভিযোগ জানান। এ বিষয়ে তাঁর অভিযোগের জব আইডি 0000020816।
গ্রাহক জানান, গত আগস্টে অভিযোগ জানানোর পর নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাস পেরিয়ে গেলেও টেলিভিশনটি মেরামত বা প্রতিস্থাপনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্যা সমাধানের জন্য হাইসেন্স বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পিআইসি) ইমতিয়াজ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে পরবর্তী সময়ে ওই কর্মকর্তা ফোনকল ও বার্তার উত্তর দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী গ্রাহকের ভাষ্য, এক মাসের পুরো বেতনের টাকা দিয়ে টেলিভিশনটি কিনেছিলেন তিনি। মাত্র আট মাসের মধ্যে পণ্যটির প্যানেল নষ্ট হয়ে যাওয়া এবং এরপর দীর্ঘ সময়েও বিক্রয়োত্তর সেবা না পাওয়া তাঁকে ভোগান্তিতে ফেলেছে।
এ অবস্থায় দ্রুত নতুন টেলিভিশন দিয়ে পুরোনোটি প্রতিস্থাপন অথবা কেনা পণ্যের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ওই গ্রাহক।




















