প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো (vivo)। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে গুরুত্ব দিয়ে নতুন ধরনের প্রশস্ত বা ‘ওয়াইড ক্যান্ডিবার’ (Wide Candybar) স্মার্টফোন তৈরির কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ডিভাইসটি সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন।
এক্স নাকি এস সিরিজে আসবে ফোনটি?
ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, নতুন স্মার্টফোনটি মূলত ছবি তোলা ও ভিডিও ধারণের অভিজ্ঞতা উন্নত করার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। তবে ফোনটির নাম কিংবা কোন সিরিজের অধীনে বাজারে আনা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভিভো।
ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ভিভোর ফ্ল্যাগশিপ এক্স (X) সিরিজ অথবা ক্যামেরাকেন্দ্রিক এস (S) সিরিজের অংশ হতে পারে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
৬.৫ ইঞ্চির ছোট প্রশস্ত ডিসপ্লে
আগের তথ্য ফাঁস অনুযায়ী, ফোনটিতে ৬ দশমিক ৫ ইঞ্চির চেয়ে ছোট আকারের প্রশস্ত ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এ ধরনের নকশার কারণে ডিভাইসটি প্রচলিত লম্বাটে স্মার্টফোনের তুলনায় ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে।
সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আলোচনায় রয়েছে হুয়াওয়ের ৬ দশমিক ৩৯ ইঞ্চি ডিসপ্লের ‘পিউরা এক্স ভিউ’ (Huawei Pura X View) এবং ওপ্পোর সম্ভাব্য প্রশস্ত স্মার্টফোন। ওপ্পোর ডিভাইসটিতে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে ভিভোর প্রথম ওয়াইড ক্যান্ডিবার স্মার্টফোন বাজারে আসতে পারে। তবে ফোনটির নাম, নকশা, ক্যামেরার বিস্তারিত ও উন্মোচনের সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।



















