মেমোরি চিপের সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ওপ্পো ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতারা তাদের পরবর্তী প্রজন্মের ‘আল্ট্রা’ ফ্ল্যাগশিপ ফোনের পরিকল্পনা স্থগিত বা বাতিল করতে পারে বলে প্রযুক্তি অঙ্গনে গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে ভিন্ন কৌশল নিয়েছে ভিভো। প্রতিষ্ঠানটি শুধু আগামী বছর বাজারে আসার সম্ভাব্য ‘ভিভো এক্স৫০০ আল্ট্রা’ (vivo X500 Ultra) ফোনের নকশা ও হার্ডওয়্যার চূড়ান্ত করেনি, ২০২৮ সালের সম্ভাব্য উত্তরসূরি ‘ভিভো এক্স৬০০ আল্ট্রা’ (vivo X600 Ultra) তৈরির প্রকল্পেও অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয় সাপ্লাই-চেইন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ২৭ নভেম্বরের তথ্য অনুযায়ী, এক্স৫০০ আল্ট্রার ইঞ্জিনিয়ারিং ও হার্ডওয়্যার নকশা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফোনটি ২০২৭ সালের বসন্তে, অর্থাৎ মার্চ-এপ্রিল নাগাদ উন্মোচন করা হতে পারে। অন্যদিকে, এক্স৬০০ আল্ট্রার প্রাথমিক হার্ডওয়্যার পরিকল্পনার কাজও শুরু হয়েছে। ভিভোর প্রচলিত উন্মোচন সূচি অনুসরণ করলে ফোনটি ২০২৮ সালের বসন্তে বাজারে আসতে পারে।
এক্স৫০০ আল্ট্রায় বড় ক্যামেরা ও ব্যাটারির সম্ভাবনা
প্রতিবেদন অনুযায়ী, এক্স৫০০ আল্ট্রার ক্যামেরা কনফিগারেশন চূড়ান্ত করতে ভিভো একাধিক প্রোটোটাইপ পরীক্ষা করেছে। এসব পরীক্ষায় ১/১.৪ ইঞ্চি থেকে ১/১.১২ ইঞ্চি আকারের টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরার বিভিন্ন সমন্বয় বিবেচনায় নেওয়া হয়। শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট হার্ডওয়্যার কনফিগারেশন বেছে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ফোনটিতে থাকতে পারে ৬.৮৫ ইঞ্চির ফ্ল্যাট ২কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ বিওই এলটিপিও ওএলইডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে আলোচনায় রয়েছে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট। এ ছাড়া প্রায় ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে ফুল-লোফিক প্রযুক্তির সনি ‘এলওয়াইটি-এল৯১০’ সেন্সর এবং ২০০ মেগাপিক্সেলের স্যামসাং ‘এইচপিইউ’ পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার কথা শোনা যাচ্ছে। তবে এসব স্পেসিফিকেশন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ভিভো।
ফোনটির আন্তর্জাতিক মডেল নম্বর ‘ভি২৬৬০’ জিএসএমএ আইএমইআই ডেটাবেজে নিবন্ধিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ডেটাবেজে মডেল নম্বর দেখা যাওয়াই ফোনটির বৈশ্বিক বাজারে উন্মোচনের নিশ্চয়তা নয়।
আল্ট্রা ফোনের পরিকল্পনা থেকে কেন সরে আসছে প্রতিদ্বন্দ্বীরা?
মেমোরি চিপের মূল্যবৃদ্ধির পাশাপাশি প্রিমিয়াম স্মার্টফোন বাজারের পরিবর্তনও আল্ট্রা মডেলের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ওপ্পো ফাইন্ড এক্স১০ আল্ট্রা কিংবা শাওমি ১৮ আল্ট্রার মতো সম্ভাব্য মডেল নিয়ে অনিশ্চয়তার পেছনে কয়েকটি কারণ আলোচনায় এসেছে।
প্রথমত, ‘প্রো ম্যাক্স’ মডেলগুলোতেই এখন উন্নত ক্যামেরা প্রযুক্তি যুক্ত হচ্ছে। ওপ্পো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স, অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স এবং ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্সের মতো ফোনে বড় ক্যামেরা সেন্সর ও উন্নত পেরিস্কোপ লেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে আলাদা আল্ট্রা মডেলের জন্য বাড়তি অর্থ খরচ করার যৌক্তিকতা নিয়ে নির্মাতাদের নতুন করে ভাবতে হচ্ছে।
দ্বিতীয়ত, আল্ট্রা ফোনে ব্যবহার করা বিশেষ ক্যামেরা সেন্সর, লেন্স ও অপটিক্যাল প্রযুক্তির গবেষণা এবং উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি। এসব যন্ত্রাংশের খরচ বাড়লে ফোনের দামও বেড়ে যায়, যা বিক্রির পরিমাণ ও মুনাফার ওপর প্রভাব ফেলতে পারে।
তৃতীয়ত, বিশ্ববাজারে ডিআরএএমসহ বিভিন্ন মেমোরি চিপের সরবরাহ ও মূল্য নিয়ে চাপ তৈরি হয়েছে। এতে স্মার্টফোন নির্মাতাদের উৎপাদন ব্যয় বাড়ছে এবং ২০২৭ সালের উৎপাদন পরিকল্পনাও পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিচ্ছে।
উৎপাদন কমিয়েও আল্ট্রা সিরিজে গুরুত্ব দিচ্ছে ভিভো
চীনা সংবাদমাধ্যম জিমিয়ান নিউজের প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি ও বাজার পরিস্থিতির কারণে ভিভো ২০২৭ সালের স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ কোটি ৫০ লাখ ইউনিট থেকে কমিয়ে ৬ কোটি ইউনিটে নামানোর পরিকল্পনা করেছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা কমছে প্রায় ২৯ শতাংশ।
তবে উৎপাদন কমানোর পরিকল্পনা থাকলেও ভিভো তাদের উচ্চমূল্যের ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোনের ওপর গুরুত্ব ধরে রাখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। জাইসের সঙ্গে যৌথভাবে উন্নত ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির আল্ট্রা সিরিজ ব্র্যান্ড ইমেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রযুক্তির সুনাম অপেক্ষাকৃত কম দামের এক্স ও ভি সিরিজের ফোনের প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়াতে পারে।
এখন দেখার বিষয়, সম্ভাব্য এক্স৫০০ আল্ট্রা শুধু চীনের বাজারেই সীমাবদ্ধ থাকে, নাকি ‘ভি২৬৬০’ মডেলের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও ফোনটি নিয়ে আসে ভিভো। তবে ফোনটির চূড়ান্ত স্পেসিফিকেশন, দাম ও বাজারে আসার সময় সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।





















