কেনার মাত্র সাত-আট দিনের মাথায় বরফ তৈরি না হওয়ার সমস্যা দেখা দেয় হাইসেন্সের (Hisense) একটি ফ্রিজে। এরপর কয়েক দফায় সার্ভিস নেওয়া, যন্ত্রাংশ পরিবর্তনের অপেক্ষা এবং দীর্ঘদিন ফ্রিজ অচল থাকায় প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার মাছ-মাংসসহ খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের গ্রাহক মো. সাইফুল ইসলাম। তাঁর অভিযোগ, প্রায় সাত-আট মাসের মধ্যে ফ্রিজটি এক দিনও ঠিকভাবে ব্যবহার করতে পারেননি। এখন মেরামত হলেও এই সময়ের জন্য ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন তিনি।
গ্রাহকের দেওয়া ওয়ারেন্টি কার্ড অনুযায়ী, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর শোরুম থেকে র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রিত ৫৮০ লিটারের একটি হাইসেন্স সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর কেনেন সাইফুল। মডেল নম্বর RS3G558NAB/BD3। ওয়ারেন্টি কার্ডে ২৪ মাসের ফ্রি সার্ভিস, ২৪ মাসের স্পেয়ার পার্টস এবং বিশেষ যন্ত্রাংশের জন্য ১৪৪ মাসের ওয়ারেন্টির কথা উল্লেখ রয়েছে।
সাইফুল জানান, ফ্রিজ কেনার সাত-আট দিনের মধ্যেই এতে ঠিকমতো বরফ তৈরি হচ্ছিল না। বিষয়টি শোরুম কর্তৃপক্ষকে জানিয়ে ফ্রিজ পরিবর্তনের অনুরোধ করলেও তা করা হয়নি। বরং ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের রেগুলেটর কমানো-বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। এভাবে আরও ১৫ থেকে ২০ দিন পার হয়ে যায়। একপর্যায়ে ফ্রিজে আর বরফ তৈরি হচ্ছিল না।
পরে কাস্টমার কেয়ারে যোগাযোগ করলেও দ্রুত সাড়া পাননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, অভিযোগ জানানোর প্রায় ১০ থেকে ১২ দিন পর একজন টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ হয়। তবে তিনি আসতে পারবেন না বলে জানান। এরপর আবার কাস্টমার কেয়ারে যোগাযোগের দুই দিন পর আরেকজন টেকনিশিয়ান বাসায় আসেন। তিনি ফ্রিজের গ্যাস-সংক্রান্ত সমস্যা হয়েছে বলে জানান এবং দুই দিন পর এসে ঠিক করে দেওয়ার আশ্বাস দেন।
পরবর্তী সময়ে টেকনিশিয়ান এসে ফ্রিজের পেছনের পাইপ কেটে গ্যাসের সমস্যা সমাধান করেন বলে জানান সাইফুল। কিন্তু কয়েক মাস পর আবারও বড় ধরনের বিপাকে পড়েন তিনি।
গ্রাহকের অভিযোগ, তিন-চার মাস পর গ্রামের বাড়ি থেকে ফিরে দেখেন ফ্রিজে কোনো বরফ তৈরি হচ্ছে না। এতে সংরক্ষণ করা প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার মাছ, মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। আবারও কাস্টমার কেয়ারে অভিযোগ জানানোর পর সাত-আট দিন অপেক্ষা করে টেকনিশিয়ানের দেখা পান। পরীক্ষা করে ওই টেকনিশিয়ান ফ্রিজের সেন্সর কাজ করছে না বলে জানান এবং বিষয়টি প্রধান কার্যালয়ে জানানোর কথা বলেন।
সাইফুলের দাবি, এরপর কাস্টমার কেয়ারে ৫০ থেকে ৬০ বার যোগাযোগ করেছেন তিনি। প্রতিবারই তাঁকে জানানো হয়, প্রয়োজনীয় সেন্সর বিদেশ থেকে আমদানি করতে হবে। প্রায় দেড় মাস অপেক্ষার পর সেন্সর আসলে কয়েক দিন আগে ফ্রিজটি মেরামত করে দেওয়া হয়।
তবে এত দিন ফ্রিজটি ব্যবহার করতে না পারা এবং বারবার সমস্যায় পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই গ্রাহক। তাঁর অভিযোগ, ফ্রিজ কেনার এক সপ্তাহের মধ্যেই সমস্যা শুরু হলেও দীর্ঘ সাত-আট মাসের মধ্যে এটি ঠিকভাবে ব্যবহার করার সুযোগ পাননি। এর মধ্যে একাধিকবার খাবার নষ্ট হওয়ার আর্থিক ক্ষতিও হয়েছে।
সাইফুলের মূল উদ্বেগ এখন ওয়ারেন্টির মেয়াদ নিয়ে। তাঁর প্রশ্ন, দীর্ঘ সময় পণ্যটি অচল থাকায় যে কয়েক মাস ব্যবহার করতে পারেননি, সে সময়ের জন্য ওয়ারেন্টি কি বাড়ানো হবে? তাঁর আশঙ্কা, বর্তমান ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর আবার একই ধরনের সমস্যা দেখা দিলে নিজের টাকায় মেরামত করতে হতে পারে।
এ অবস্থায় দীর্ঘদিন পণ্য ব্যবহার করতে না পারার সময়টুকু বিবেচনায় নিয়ে ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো এবং ভবিষ্যতে একই সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।





















