বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের এক বিএনপি নেতা।
বুধবার (২৭ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।
ভিডিওতে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি কেউ ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অবমাননা, হত্যার হুমকি এবং তার বাসার সামনে মব সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।
এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।






















