অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ, মোবাইল ফিনান্সিয়াল সেবায় (MFS) আর্থিক জালিয়াতি শনাক্ত এবং মোবাইল ফোন চুরি রোধসহ রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালু হচ্ছে।
বিটিআরসি জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোনই নেটওয়ার্কে সচল থাকবে। এর ফলে গ্রাহকরা মানসম্পন্ন সেবা পাবেন এবং ভবিষ্যতে কোনো অবৈধ বা ক্লোন IMEI (আইএমইআই) নম্বর সম্বলিত ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
অপরাধ দমনে এনইআইআর (NEIR)
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ ডিভাইসের কারণে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
তিনি বলেন, “২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে, যা এনইআইআর চালুর মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে।”
অবৈধ হ্যান্ডসেটের কারণে সরকারের প্রতি বছর ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় উল্লেখ করে তিনি আরও বলেন, “এনইআইআর কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং এটা রাষ্ট্রীয় ও গ্রাহক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সিমের মাধ্যমে প্রতারণা ও আর্থিক লেনদেন জালিয়াতি কমে আসবে।”
কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?
অনুষ্ঠানে এনইআইআর কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিনুল হক।
তিনি জানান, ১৬ ডিসেম্বরের পর নতুন যে সকল মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে, তা প্রাথমিকভাবে সচল রেখে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে।
- বৈধ হ্যান্ডসেট: হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে।
- অবৈধ হ্যান্ডসেট: হ্যান্ডসেটটি অবৈধ হলে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে এবং এক মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। উক্ত এক মাস সময় অতিবাহিত হলে হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
- বিদেশ থেকে আনা ফোন: শুধু বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটসমূহ বিশেষ নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল করার সুযোগ থাকবে।
দেশীয় শিল্প ও গ্রাহক সেবা
সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, “চোরাই ও রিফারবিশড হ্যান্ডসেট বাজারে থাকায় মোবাইল ফোনের দাম কমছে না। এনইআইআর চালু হলে দেশীয় ১৮টি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করতে পারবে।” তিনি আরও জানান, দেশে বর্তমানে ৩৮ ভাগ ফিচার ফোন ব্যবহৃত হচ্ছে, তাই স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মোবাইল ফোন ইন্ড্রাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB)-এর সভাপতি জাকারিয়া শহীদ এবং অ্যামটব (AMTOB)-এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা এনইআইআর বাস্তবায়নে বিটিআরসি’র সাথে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
বর্তমানে ব্যবহৃত ফোনের কী হবে? বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত (যেকোনো সিম চালানো) সকল হ্যান্ডসেট ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এগুলো আলাদাভাবে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই।
- ফোনের অবস্থা যাচাই: আপনার ব্যবহৃত মোবাইল ফোনের বর্তমান অবস্থা জানতে ১৬১৬১# নম্বরে ডায়াল করুন। এরপর IMEI নম্বর চাইলেই আপনার ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বরটি (#06# ডায়াল করে পাওয়া) লিখে প্রেরণ করুন। ফিরতি মেসেজে ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে।
১৬ ডিসেম্বরের পর নতুন ফোন কেনার আগে করণীয়: যেকোনো দোকান, অনলাইন শপ বা ই-কমার্স সাইট থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই সেটির বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে।
- ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বর। (উদাহরণ: KYD 123456789012345)।
- ধাপ-২: মেসেজটি ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।
- ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটটির বৈধতা সম্পর্কে জানা যাবে। বৈধ হলেই কেবল ফোনটি কিনুন।
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধনের প্রক্রিয়া: বিদেশ থেকে আনা ফোন দেশে চালু করলে তা প্রাথমিকভাবে সচল হবে এবং ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য এসএমএস আসবে।
- ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
- ধাপ-২: পোর্টালের ‘Special Registration’ সেকশনে গিয়ে ফোনের IMEI নম্বর এবং প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (যেমন পাসপোর্টের ভিসা, ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন।
- ধাপ-৩: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি ফোন বাদে সর্বোচ্চ ১টি নতুন হ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি আনতে পারবেন।
এনইআইআর সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০ অথবা মোবাইল অপারেটরগণের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ডায়াল করার জন্য অনুরোধ করা হয়েছে।






















