ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ ঢাকায় তাদের কারখানা ও প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুলাই ২০২৫ থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিস মোহাখালী ডিওএইচএস থেকে স্থানান্তর করে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দেওড়া, বালিভদ্র বাজার এলাকায় নেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের রায়। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের লিজ চুক্তি নবায়ন না হওয়ায় বিএটি বাংলাদেশ আদালতের শরণাপন্ন হয়। তবে সর্বোচ্চ আদালত তাদের আপিল খারিজ করে দেন, যার ফলে প্রতিষ্ঠানটিকে মোহাখালী ডিওএইচএস এলাকার জমি ছাড়তে হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আগের রায় বহাল রাখেন। এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিএটির রিট আবেদন খারিজ করেন।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ দেশের অন্যতম প্রধান বহুজাতিক তামাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ঢাকায় তাদের এই কারখানা ও অফিস দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল।





















