একজন নারী উদ্যোক্তার কাছ থেকে জামদানি শাড়ি নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন অভিনয়শিল্পী তানজিন তিশা। উদোক্তার দাবি, তানজিন তিশা তার সঙ্গে প্রতারণা করেছেন। জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন ছোট থেকে বড় পর্দায় পা রাখা তিশা। তিনি লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!”।
তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক চর্চা। পোস্টের নিচে কমেন্ট, রিপ্লাই, ইমোজি বাড়ার পাশাপাশি ‘নেট-টেইনমেন্ট’ ছাপিয়ে আলোচনায় পরিচিত হয়ে উঠছে ক্লোদিং ব্র্যান্ড ‘এ্যাপোনিয়া’। কেননা, তিশার এই পোস্টটির সঙ্গে ব্র্যান্ডটি ওতোপ্রতো ভাবে জড়িত। ২০২১ সাল থেকে ফেসবুক উদ্যোক্তা হিসেবে নিজস্ব পোশাকের ব্র্যান্ড নিয়ে চালু হওয়া এই এফকর্মার্সটি স্বত্বাধিকারী বিলকিস ওয়াজি ঝিনুক। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’-এ অভিনয় দিয়ে তিশা যখন সিনেমায় অভিষেক ঘটাতে যাচ্ছেন তখনই তার বিরুদ্ধে ‘ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন’ বলে অভিযোগ করেন এই নারী উদ্যোক্তা।
উদ্যোক্তার দাবি, তানজিন তিশা ইনস্টাগ্রামে তার ভেরিফায়েড পেজে নক দিয়ে একটি জামদানি শাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি শাড়িটি স্পনসর করার প্রস্তাব দেন এই শর্তে যে তিশা সেটি পরে প্রচারণা করবেন।
বিলকিস ওয়াজি গণমাধ্যমে বলেন, ‘তিশা আপা শাড়িটি পেয়ে ফোনে জানান, এটি তাঁর খুব পছন্দ হয়েছে। তিনি আমাকে আশ্বাস দেন, কাজটি ভালোভাবে করবেন। কিন্তু এরপর দুই মাস পার হয়ে গেলেও তিনি কোনো প্রচারণা করেননি। আমি যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাইনি। দীর্ঘ ১০ মাস হয়ে গেছে। না তিনি প্রমোশন করেছেন, না শাড়ির দাম দিয়েছেন। এখন আমি চাই, অন্তত শাড়ির টাকা ফেরত দিক। নাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’
অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনো সাড়া পাওয়া যায়নি।
এমন অভিযোগ নিয়ে খবর প্রকাশের পর পর তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এই প্রতিক্রিয়ায় শাড়িটির প্রচারণা না হলেও উদ্যোক্তার ব্র্যান্ড নামটি পরিচিত হয়ে যাচ্ছে পোস্টের কমেন্ট থেকে।
তবে এ্যাপোনিয়ার নামটি এখন পর্যন্ত উচ্চারণ করেননি তিশা। ইনস্টাগ্রামে তার জামদানি শাড়ি পড়া ছবি শেয়ার করেছে অন্য একটি ব্র্যান্ড।





















