স্মার্টওয়াচের পাশাপাশি ফিটনেস ব্যান্ডের বাজারেও নতুন চমক নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। প্রতিষ্ঠানটির জনপ্রিয় গ্যালাক্সি ফিট সিরিজের পরবর্তী মডেল গ্যালাক্সি ফিট ৪ বাজারে আসার আগেই এর সম্ভাব্য দাম ও রঙের তথ্য ফাঁস হয়েছে। নতুন এই ফিটনেস ট্র্যাকারটির দাম আগের মডেলের তুলনায় বাড়তে পারে। পাশাপাশি এতে যুক্ত হতে পারে স্পিকার, উন্নত সংযোগ প্রযুক্তি এবং স্বাস্থ্য ও শরীরচর্চার বিভিন্ন সুবিধা।
গ্যালাক্সি ফিট ৪-এ হাঁটার পদক্ষেপ, হৃদস্পন্দন, ঘুমের ধরন, সক্রিয় থাকার সময় এবং শরীরচর্চার সময় পোড়ানো ক্যালরি পর্যবেক্ষণের সুবিধা থাকতে পারে। পাশাপাশি দৈনন্দিন শরীরচর্চার লক্ষ্য নির্ধারণ ও তা পর্যবেক্ষণ করা যাবে স্যামসাং হেলথ অ্যাপের মাধ্যমে। এতে মাসিক চক্র পর্যবেক্ষণ, পানি ও খাবার গ্রহণের হিসাব রাখার সুবিধাও যুক্ত হতে পারে। এছাড়া শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন।
নতুন মডেলের অন্যতম আকর্ষণ হতে পারে বিল্ট-ইন স্পিকার। পাশাপাশি এতে ভাইব্রেশন মোটর থাকার কথাও জানা গেছে। ফলে বিভিন্ন নোটিফিকেশন ও সতর্কবার্তা পাওয়ার সুবিধা আরও কার্যকর হতে পারে। সংযোগের জন্য থাকতে পারে ব্লুটুথ ৫.৪ এবং স্যামসাং ওয়ালেট ব্যবহারের সুবিধা।
তিন রঙে আসতে পারে গ্যালাক্সি ফিট ৪। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন ফিটনেস ব্যান্ডটি কালো, সবুজ ও সিলভার এই তিনটি রঙে পাওয়া যেতে পারে। ডিজাইনের ক্ষেত্রে আগের গ্যালাক্সি ফিট ৩-এর সঙ্গে মিল থাকতে পারে। তবে নতুন মডেলে যুক্ত হতে পারে বেশ কিছু কার্যকর সুবিধা।
এছাড়া ফাইন্ড মাই ব্যান্ড ফিচারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে হারিয়ে যাওয়া বা কোথাও রেখে আসা ফিটনেস ব্যান্ড খুঁজে পাওয়ার সুযোগ থাকতে পারে। এতে সর্বোচ্চ ১২টি টাইল ব্যবহারের সুবিধাও থাকতে পারে, যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দ্রুত দেখা যাবে। তবে এখনো গ্যালাক্সি ফিট ৪-এর আনুষ্ঠানিক বাজারজাতের তারিখ, সম্পূর্ণ স্পেসিফিকেশন কিংবা দাম ঘোষণা করেনি স্যামসাং। ফলে ফাঁস হওয়া এসব তথ্য চূড়ান্ত নয়।
ফরাসি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিলাবস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে স্যামসাং গ্যালাক্সি ফিট ৪-এর দাম হতে পারে ৭৯.৯০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ হাজার টাকার কাছাকাছি। তবে বিনিময় হার ও করের কারণে প্রকৃত দাম পরিবর্তিত হতে পারে। এর আগের মডেল গ্যালাক্সি ফিট ৩ ২০২৪ সালে ইউরোপে ৬৯.৯০ ইউরো দামে বাজারে এসেছিল। অর্থাৎ নতুন মডেলের দাম প্রায় ১০ ইউরো বাড়তে পারে।





















