যমুনা ফিউচার পার্কের মোবাইল দুনিয়া থেকে নগদ টাকায় কেনা একটি স্মার্টফোনে হঠাৎ এমডিএম (MDM) লক দেখা দেওয়ার পর ওয়ারেন্টি সেবা না পাওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। তাঁর দাবি, ফোনটি এখনো বিক্রেতা প্রতিষ্ঠানের ওয়ারেন্টির আওতায় থাকলেও সমস্যার কথা জানাতে গেলে দোকান কর্তৃপক্ষ তা মেনে নিতে অস্বীকার করে।
ভুক্তভোগী গ্রাহক জানান, ফোনটি ব্যবহারের সময় হঠাৎ রিস্টার্ট নেওয়ার পর সব অ্যাপের আইকন সাদা হয়ে যায়। এরপর কোনো অ্যাপেই প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। এভাবে প্রায় দুই দিন চলার পর ফোনটি আবার রিস্টার্ট নেয় এবং স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্টরি রিসেট হয়ে যায়।
ফোন চালু করে সেটআপের সময় সাইন-ইন করতে গেলে পর্দায় ‘Please Sign in Using one of the owner’s accounts for this device’ বার্তা দেখায়। কিন্তু গ্রাহকের দাবি, ফোনে সর্বশেষ যে ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেটি দিয়েও আর প্রবেশ করা যাচ্ছে না। ফলে ফোনটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

গ্রাহকের ভাষ্য, অনলাইনে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, এমডিএম বা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সাধারণত কোনো প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বা সংস্থার নিয়ন্ত্রণে থাকা ডিভাইসে ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে কিস্তি বা ইএমআইতে কেনা ফোনেও এ ধরনের নিয়ন্ত্রণ থাকতে পারে। তবে তিনি ফোনটি নগদ টাকায় কিনেছেন বলে দাবি করেছেন।
এ অবস্থায় ফোনের সমস্যার কারণ জানতে এবং ওয়ারেন্টির আওতায় সমাধান পেতে যমুনা ফিউচার পার্কের মোবাইল দুনিয়ার দোকানে যান তিনি। কিন্তু তাঁর অভিযোগ, দোকান কর্তৃপক্ষ সমস্যাটির দায় স্বীকার করেনি এবং সমাধানের বিষয়ে কার্যকর সহযোগিতাও করেনি।
ফোনটি এখনো ওয়ারেন্টির আওতায় থাকা সত্ত্বেও ব্যবহার করতে না পারায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন ওই গ্রাহক। তিনি সমস্যাটির প্রকৃত কারণ নির্ণয়, ফোনটি সচল করা এবং ওয়ারেন্টির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সেবা দেওয়ার দাবি জানিয়েছেন।





















