নতুন ক্যামেরা নকশা ও শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৮’ (Xiaomi 18)। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের (DCS) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে ফোনটির পেছনে ক্যামেরার ভিন্নধর্মী বিন্যাস দেখা গেছে।
এর আগে শাওমি ১৭-এ চারকোনা ক্যামেরা মডিউলের মধ্যে লেন্সগুলো তুলনামূলকভাবে সুষম বিন্যাসে ছিল। নতুন প্রোটোটাইপে একই ধরনের মডিউলের ভেতরে ক্যামেরাগুলো অসমান বা অ্যাসিমেট্রিক্যালভাবে সাজানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে ফোনটির চূড়ান্ত নকশায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ক্যামেরায় নতুন বিন্যাস
ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ হওয়ায় শাওমি ১৮-এর ক্যামেরা হার্ডওয়্যারের চূড়ান্ত তথ্য এখনো নিশ্চিত নয়। তবে বড় আকারের সেন্সর, উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) কিংবা নতুন ক্যামেরা উপাদান বসানোর সুবিধার জন্য এমন নকশা নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা বলা হয়েছিল।
তবে নতুন প্রোটোটাইপে চারটি ক্যামেরা লেন্স দেখা যাওয়ায় চূড়ান্ত ক্যামেরা কনফিগারেশন নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। শাওমি ও লেইকার যৌথ ক্যামেরা প্রযুক্তিতে কম আলোতে ছবি তোলার সক্ষমতা বাড়াতে অতিরিক্ত সেন্সর ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
থাকছে নতুন প্রজন্মের প্রসেসর
শাওমি ১৮ সিরিজের পারফরম্যান্সেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ফোনটির স্ট্যান্ডার্ড সংস্করণে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Elite Gen 6 চিপসেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
চিপটি দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে LPDDR5X র্যাম ব্যবহারের মাধ্যমে উচ্চ পারফরম্যান্সের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।
৭,০০০ এমএএইচের বেশি ব্যাটারির ইঙ্গিত
হার্ডওয়্যারের পাশাপাশি ব্যাটারিতেও বড় আপগ্রেড আসতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি ১৮-এ ৭,০০০ এমএএইচের বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ১০০ ওয়াট তারযুক্ত ও ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা দেওয়ার কথাও শোনা যাচ্ছে।
এ ছাড়া ফোনটিতে ২কে রেজল্যুশনের ফ্ল্যাট OLED ডিসপ্লে, সরু বেজেল এবং ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। পানি ও ধুলা প্রতিরোধেও উন্নতি আসতে পারে।
কবে আসতে পারে শাওমি ১৮
শাওমি ১৮ সিরিজের সম্ভাব্য আত্মপ্রকাশের সময় হিসেবে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিক বা বছরের শেষ প্রান্তিককে সামনে রাখা হচ্ছে। কোয়ালকমের পরবর্তী Snapdragon Summit-এ নতুন চিপ উন্মোচনের পর শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ঘোষণা দিতে পারে।
তবে চীনের বাইরে ফোনটির বাজারজাতকরণ শুরু হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। সে ক্ষেত্রে বৈশ্বিক বাজারে শাওমি ১৮ সিরিজের আত্মপ্রকাশ ২০২৭ সালের প্রথম প্রান্তিকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ক্যামেরা কনফিগারেশন, ব্যাটারি, প্রসেসর ও বাজারে আসার সময়—এসব তথ্যই এখন পর্যন্ত অনানুষ্ঠানিক সূত্রনির্ভর। ফলে চূড়ান্ত স্পেসিফিকেশন জানতে শাওমির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

















