স্মার্টফোন দুনিয়ার এক সময়ের ‘উজ্জ্বল নক্ষত্র’, টেক এন্থুসিয়াস্টদের প্রাণের ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) কি তবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে? গুঞ্জন উঠেছে, গ্লোবাল মার্কেট থেকে অফিসিয়ালি পাততাড়ি গুটিয়ে নিচ্ছে ওয়ানপ্লাস। যদি এটি সত্যি হয়, তবে টেক বিশ্বে একটি যুগের অবসান হতে চলেছে।
স্মৃতিতে অম্লান: সেই ওয়ানপ্লাস ১ থেকে ৭ সিরিজ
মনে পড়ে সেই ওয়ানপ্লাস ১-এর কথা? সায়ানোজেন মোড রম (CyanogenMod) দিয়ে লঞ্চ হওয়া সেই ফোনটি কিটকাটের যুগে অখাদ্য সব অ্যান্ড্রয়েড স্কিনের ভিড়ে এক পশলা বৃষ্টির মতো এসেছিল। এরপর ওয়ানপ্লাস ২-এর হাত ধরে আসলো OxygenOS। পিউর অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স আর চোখ ধাঁধানো অপ্টিমাইজেশন দিয়ে স্যামসাংকেও কাঁপিয়ে দিয়েছিল ওয়ানপ্লাস।
আর OnePlus 7 Pro? আজও ফোনটি হাতে নিলে মনে হয় ২০২৭ সালের কোনো ডিভাইস! ফুল বেজেললেস ডিসপ্লে আর আল্ট্রা লেভেলের কার্ভড স্ক্রিন—সব মিলিয়ে ওয়ানপ্লাস তখন তার সাফল্যের তুঙ্গে।
সফটওয়্যার ও ডিএনএ-তে পরিবর্তন
কার্ল পেই ওয়ানপ্লাস ছেড়ে যাওয়ার পর থেকেই ব্র্যান্ডটির সেই সিগনেচার ‘DNA’ ফিকে হতে শুরু করে। বিশেষ করে ওয়ানপ্লাস ৯ সিরিজের পর OxygenOS ১২ যখন আসলো, তখন থেকেই কালারওএস (ColorOS)-এর সাথে এর একীভূতকরণ ভক্তদের হতাশ করে। বর্তমানে এটি অনেকটাই কালারওএস-এর প্রতিচ্ছবি। যদিও অ্যানিমেশন আর হ্যাপটিক্সের দিক থেকে কালারওএস এখন ইন্ডাস্ট্রি লিডিং, তবুও সেই পুরনো ‘Oxygen’ ফ্লেভারটা আর নেই।
ভবিষ্যৎ কী? অপো-ই কি বিকল্প?
গুঞ্জন বলছে, ওয়ানপ্লাস গ্লোবাল মার্কেট থেকে বিদায় নিলেও চাইনিজ মার্কেটে টিকে থাকবে। তবে গ্লোবাল রম আর তৈরি হবে না। ওয়ানপ্লাসের রিপ্লেসমেন্ট হিসেবে অপো(Oppo)-কেই হয়তো বৈশ্বিক বাজারে প্রোমোট করা হবে। এরই মধ্যে দেখা যাচ্ছে, হ্যাসেলব্লাড (Hasselblad) কোলাবরেশন ওয়ানপ্লাস ১৫ থেকে তুলে নিয়ে অপ্পো ফাইন্ড এক্স (FindX) সিরিজে দেওয়া হচ্ছে। ভিভো থাকবে ক্যামেরার জন্য আর আইকু (iQOO) পারফরম্যান্সের জন্য।
নস্টালজিয়া ও বাস্তবতা
ওয়ানপ্লাস ১৩ বা ১৫ আল্ট্রা লেভেলের ডিভাইস হলেও চাইনিজ রম ব্যবহার করা অনেকের জন্যই অসম্ভব। যারা কার্ল পেই-এর সেই পুরনো ওয়ানপ্লাস ফিল খুঁজছিলেন, তারা অনেকেই ইতিমধ্যে নাথিং (Nothing) ডিভাইসে মুভ করেছেন। কিন্তু ওয়ানপ্লাস টেক এন্থুসিয়াস্টদের মনে যে জায়গা করে নিয়েছে, তা কি অন্য কোনো ব্র্যান্ড পূরণ করতে পারবে?
ওয়ানপ্লাসের বিদায় কেবল একটি ব্র্যান্ডের বিদায় নয়, এটি একটি ইমোশনের বিদায়। আপনি যদি একজন ওয়ানপ্লাস ফ্যান হয়ে থাকেন, তবে এই খবরটি আপনাকে ভাবিয়ে তুলবে। তবে টেক দুনিয়ায় পরিবর্তনই চিরন্তন সত্য।
আপনার প্রথম ওয়ানপ্লাস ডিভাইস কোনটা ছিল? ওয়ানপ্লাসকে ঘিরে আপনার সেরা স্মৃতি কোনটি? আমাদের কমেন্ট করে জানান।
অনুপ্রেরণা: টেক এন্থুসিয়াস্টদের আবেগঘন বার্তা



















