ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি ‘অত্যন্ত অনিশ্চিত’ হওয়ায় সুইডেন ইরানে থাকা নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড এই জরুরি সতর্কবার্তা দেন। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
স্টেনগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেন, “ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানাই। এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই দেশ ছাড়া উচিত; অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।”
এদিকে, পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপে রাখতে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, তা না হলে খারাপ কিছু ঘটতে পারে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্ভাব্য সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ দিলে এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এ পরিস্থিতিতে সুইডিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এখনই ইরান ত্যাগ করা সবচেয়ে নিরাপদ বিকল্প। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও গুরুতর হওয়ার সম্ভাবনা দেখছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি




















