যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল মার্কিন ও ইসরায়েলি সম্পদ ও স্বার্থ ইরানের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
ইরানি ওই কর্মকর্তা বলেন, ‘ইসরায়েল কী আসতে চলেছে তার জন্য প্রস্তুতি নিক। আমাদের জবাব হবে প্রকাশ্য এবং এতে কোনো রেড লাইন বা সীমারেখা থাকবে না। এই আগ্রাসনের পর সবকিছুই সম্ভব, এমনকি এমন সব দৃশ্যপটও তৈরি হতে পারে যা আগে কখনো ভাবা হয়নি।‘
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের সূচনা করেছে তার প্রভাব হবে সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী। ইরান এই যৌথ হামলায় মোটেও অবাক হয়নি দাবি করে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে অত্যন্ত জটিল ও বহুমুখী পাল্টা আক্রমণের পরিকল্পনা রয়েছে, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।‘
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরানকে সংযম প্রদর্শনের যে আহ্বান জানানো হচ্ছে, তাকে ‘অগ্রহণযোগ্য এবং নিছক কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের মতে, বর্তমান পরিস্থিতিতে আত্মসমর্পণ বা পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না।




















