দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম. রকিবুল আহসান আকিজ ভেঞ্চার গ্রুপের প্রতিষ্ঠান আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেডে সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ব্র্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন রকিবুল আহসান ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কৌশলগত বিপণন এবং ব্যবসা উন্নয়ন খাতে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কর্মজীবনের বড় একটি অংশ তিনি দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ-এ অতিবাহিত করেন।
২০১৪ সালে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দেন এবং দীর্ঘ ১২ বছরের কর্মজীবনে ধাপে ধাপে উন্নীত হয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), মার্কেটিং- ব্র্যান্ড পদে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বিভিন্ন ব্র্যান্ডের জন্য কার্যকর বিপণন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ব্র্যান্ড শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে ২০২৫ সালে তিনি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এ সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর হিসেবে যোগ দেন। সেখানে তিনি কৌশলগত ব্যবসা পরিচালনা এবং মার্কেটিং নেতৃত্ব উন্নয়নে অবদান রাখেন।
বর্তমানে আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেডে দায়িত্ব পালনকালে তিনি নবায়নযোগ্য জ্বালানি ও অটোমোবাইল খাতে ব্র্যান্ড বিকাশ, বাজার সম্প্রসারণ এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করার কাজে নেতৃত্ব দিচ্ছেন।
শিক্ষাজীবনে রকিবুল আহসান ২০১৩ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ব্যবসায় পদ্ধতিতে স্নাতক (বিবিএ) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৪ সালে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
করপোরেট বিপণন ও ব্র্যান্ড ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা নবায়নযোগ্য জ্বালানি ও অটোমোবাইল খাতে নতুন উদ্ভাবন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।





















