পালনকারীর মোবাইল ফোন ব্যবহার করে মুদি দোকানের জিনিসপত্র অর্ডার দিয়েছে এক বানর। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারীরা মেতে উঠেছেন ওই বানরকে নিয়ে।
ওই বানরটি পালেন এলভি মেঙমেঙ নামের এক চীনা নাগরিক। তিনি দেশটির চ্যাঙঝাউ শহরের ইয়ানচেঙ ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কাজ করেন।
সম্প্রতি তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে অর্ডার দেয়া হয়েছে মুদি দোকানের জিনিসপত্র। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখার পরই বিষয়টি পরিষ্কার হয় তার কাছে। তিনি দেখেন, তার পোষ্য বানরটিই এ ঘটনা ঘটিয়েছে। তবে মেঙমেঙ তার পোষ্যের দেয়া অর্ডার বাতিল করেননি।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাড়ির দরকারি জিনিসপত্র অর্ডার করেছিল বাদরটি। তাই সেই অর্ডার বাতিলের পথে তিনি হাঁটেননি। অনলাইনে তিনি প্রায়ই মুদি পণ্য অর্ডার করেন। তা দেখেই হয়তো বানরটি অর্ডারের কৌশল শিখেছে বলে জানিয়েছেন তিনি।






















