অ্যাপল সিলিকনের সর্বোচ্চ ক্ষমতার ‘এক্সট্রিম’ চিপ তৈরির পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় দুই দশকের পুরোনো ডেস্কটপ লাইন ‘ম্যাক প্রো’ বন্ধের পথে রয়েছে বলে জানিয়েছেন ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান।
গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, ম্যাক প্রোর জন্য ‘এম২ এক্সট্রিম’ ও ‘এম৩ এক্সট্রিম’ চিপ তৈরির কাজ শুরু করেছিল অ্যাপল। তবে উচ্চ উৎপাদন ব্যয় ও সীমিত বাজারের কারণে চিপ দুটির প্রকল্প আনুষ্ঠানিক ঘোষণার আগেই বাতিল করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, ‘এক্সট্রিম’ চিপে অ্যাপলের ‘আল্ট্রা’ সিরিজের তুলনায় দ্বিগুণ সিপিইউ ও জিপিইউ কোর থাকার কথা ছিল। এতে এটি অ্যাপল সিলিকনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হতে পারত।
মূলত থ্রিডি রেন্ডারিং, ভিএফএক্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও বৈজ্ঞানিক গবেষণার মতো ভারী কাজের পেশাজীবীদের লক্ষ্য করে চিপটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে অ্যাপলের হিসাব অনুযায়ী, এ ধরনের চিপ তৈরির ব্যয়ের তুলনায় ম্যাক প্রোর বাজার খুবই সীমিত।
গুরম্যানের দাবি, ‘এক্সট্রিম’ চিপ প্রকল্প বাতিলের পর অ্যাপল ম্যাক প্রোকে ‘আল্ট্রা’ চিপের ওপর নির্ভরশীল রাখার কৌশল নিয়েছে। ফলে পারফরম্যান্সের দিক থেকে এটি ম্যাক স্টুডিওর কাছাকাছি অবস্থানে থাকবে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, অ্যাপল চলতি বছরই প্রায় ২০ বছরের পুরোনো ম্যাক প্রো লাইন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভবিষ্যতে অ্যাপলের হার্ডওয়্যার কৌশলে সর্বোচ্চ ক্ষমতার এই ডেস্কটপের আর জায়গা নাও থাকতে পারে।




















