উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য আলাদা মেসেঞ্জার সফটওয়্যারটি পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক।
কম্পিউটারে জনপ্রিয় মেসেজিং পরিষেবাটির ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য এখন থেকে ব্যবহারকারীকে সরাসরি ফেসবুক ওয়েবসাইটে যাওয়ার পরামর্শ দিয়েছে প্লাটফর্মটি।
বিকল্প উপায়ে মেসেঞ্জার ব্যবহার করতে চাইলে এখন ক্রোম ব্রাউজার বা সাফারি থেকে সরাসরি ‘ফেসবুক ডটকম’ বা ‘মেসেঞ্জার ডটকম’-এ গিয়ে লগ-ইন করতে হবে। সোমবার থেকে ফেইসবুক এ নতুন নিয়ম কার্যকর করেছে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
কোভিড-১৯ মহামারির শুরুর দিকে যাত্রা শুরু করলেও ভিডিও কলিং অ্যাপ ‘জুম’-এর মতো ব্যবসায়িক খাতের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে পারছিল না মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি। জুমের মতো এত বেশি সংখ্যক মানুষকে ভিডিও কলে যোগ করতে না পারার পাশাপাশি এতে স্ক্রিন শেয়ারিং বা সহজে শেয়ার করা যায় এমন লিংকের সুবিধাও ছিল না।
এ বছরের অক্টোবরে অ্যাপটি বন্ধের ঘোষণা দিয়েছিল ফেসবুকের মূল কোম্পানি মেটা। তবে তার অনেক আগে থেকেই অ্যাপটির গুরুত্ব যে কমছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
তবে ২০২৩ সালে পুনরায় মেসেঞ্জারকে মূল ফেসবুক অ্যাপের সঙ্গে একীভূত করতে শুরু করে ফেইসবুক। সম্প্রতি এ ডেস্কটপ অ্যাপটি তৈরির কারিগরি পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছিল মেটা।
কোম্পানিটির তথ্য অনুসারে, ম্যাকের জন্য মেসেঞ্জার অ্যাপটি তৈরিতে ‘ক্যাটালিস্ট’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। এ প্রযুক্তি মূলত আইপ্যাড অ্যাপকে ম্যাক কম্পিউটারে চালানোর সুবিধা দেয়। তবে ডেভেলপার ও ব্যবহারকারী উভয় পক্ষই এই প্রযুক্তির সমালোচনা করেছেন।
ডেভেলপারা বলেছেন, প্রযুক্তিটি তৈরিতে বাড়তি পরিশ্রম করতে হয়। অন্যদিকে ব্যবহারকারীদের অভিযোগ ছিল, অ্যাপটি কম্পিউটারের নিজস্ব সফটওয়্যারের মতো সাবলীল নয়।
বছরের শেষ নাগাদ মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দেওয়ার বিষয়ে মেটা এ শরতে ব্যবহারকারীদের সতর্ক করেছিল। সেইসঙ্গে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছিল, তারা যেন ওয়েবসাইটে যাওয়ার আগে নিজেদের একটি পিন সেট করে নেন, যাতে তাদের চ্যাটিংয়ের ইতিহাস বা বিভিন্ন মেসেজ সুরক্ষিত থাকে।
ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া যারা কেবল মেসেঞ্জার ব্যবহার করেন এখন তাদের সরাসরি ‘মেসেঞ্জার.ডম’ ওয়েবসাইটে যেতে হচ্ছে, সেখানে ফেইসবুক অ্যাকাউন্ট তৈরি না করে আগের মতো লগ-ইন করে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।
এ পরিবর্তন সম্পর্কে ব্যবহারকারীদের জন্য আরও বিস্তারিত তথ্য ফেসবুকের ‘হেল্প সেন্টারে’ রয়েছে, যেখানে ম্যাক ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য আলাদা আলাদা নির্দেশিকাও দিয়েছে মেটা।





















