একদিন সকালে হঠাৎ ঘুম থেকে উঠে দেখা গেল ঘরের কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, ড্রয়িং রুমের সিঁড়িগুলো পরিষ্কার ঝকঝকে কিংবা স্বয়ংক্রিয়ভাবেই ল্যাপটপ চালু হয়ে প্রয়োজনীয় ট্যাবগুলো ওপেন করে দিচ্ছে। বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস প্রযুক্তি প্রদর্শনীতে এমন সব উদ্ভাবনই উঠে এসেছে।
চলতি বছরের ‘কনজিউমার ইলেকট্রনিকস শো’ বা সিইএস ২০২৬-এ এসব প্রযুক্তির প্রদর্শনী হয়েছে। স্টার্টআপ থেকে শুরু করে বড় সব ব্র্যান্ড এ আয়োজনে তাদের উদ্ভাবনী শক্তির চূড়ান্ত রূপ দেখিয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে অনেক প্রযুক্তি শিগগিরই সাধারণের হাতে পৌঁছবে, আবার কিছু থাকছে দামি প্রটোটাইপ হিসেবে। যদিও কিছু পণ্য এখনো ব্যয়বহুল পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবুও সামগ্রিকভাবে প্রাত্যহিক জীবনে রোবট ও বুদ্ধিমান যন্ত্রের ব্যবহার দ্রুত বাড়ার স্পষ্ট ইঙ্গিত দেখা গেছে।
● ঘরের কাজে হিউম্যানয়েড রোবট
মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট এখন আর শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নেই। এবারের প্রদর্শনীতে এমন রোবট দেখা গেছে, যেগুলো রিমোট ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এলজির ‘ক্লয়েড’ রোবটটি ঘরের কাপড় ধোয়া, সকালের নাশতা তৈরি ও পানীয় পরিবেশনের মতো কাজ করতে সক্ষম। চাকাযুক্ত প্লাটফর্মের ওপর বসানো এ রোবট রান্নাঘরের বিভিন্ন যন্ত্রের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে।
এদিকে চীনের সুইচবট কোম্পানি এনেছে ‘ওনেরো এইচ ১’, যা রোবট ভ্যাকুয়াম ও নিরাপত্তা রোবটের সমন্বয়। এটি চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে। এছাড়া হুন্দাইয়ের মালিকানাধীন বস্টন ডায়নামিকস প্রদর্শন করেছে ‘অ্যাটলাস’ রোবট। গুগলের ডিপমাইন্ডের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ রোবট সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে এবং নিজে নিজেই ব্যাটারি পরিবর্তন করতে পারে।
● সিঁড়ি বেয়ে উঠতে পারা ভ্যাকুয়াম রোবট
দীর্ঘদিন ধরে রোবট ভ্যাকুয়াম ক্লিনারের বড় সীমাবদ্ধতা ছিল সিঁড়ি পরিষ্কার করতে না পারা। এবারের প্রদর্শনীতে সে সমস্যা সমাধানেরও আভাস মিলেছে। ড্রিম কোম্পানির ‘সাইবার ১০ আল্ট্রা’ ৫০০ গ্রাম পর্যন্ত ওজন তুলতে পারে। তবে বেশি আলোচনায় এসেছে তাদের ‘সাইবার এক্স’ ধারণাটি, যা ট্যাংকের মতো ট্র্যাক ব্যবহার করে সহজেই সিঁড়ি বেয়ে উঠতে পারে। অন্যদিকে রোবোরক তাদের ‘সারোস রোভার’ প্রটোটাইপ দেখিয়েছে, যা দুই চাকার সাহায্যে লাফিয়ে বা শরীর উঁচিয়ে ধাপ ধরে পরিষ্কার করতে পারে।
● কণ্ঠস্বরে নিয়ন্ত্রণ হবে রেফ্রিজারেটর
ফ্রিজেও যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। স্যামসাংয়ের ‘ফ্যামিলি হাব’ ফ্রিজে কণ্ঠস্বরে দরজা খোলার সুবিধা রাখা হয়েছে। কথা বললেই দরজা খুলে যাবে। অন্যদিকে জিই কোম্পানির ‘প্রোফাইল’ ফ্রিজে রয়েছে বারকোড স্ক্যানার। কোনো পণ্য শেষ হলে তা স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটার তালিকায় যুক্ত হবে। ভেতরের ক্যামেরার মাধ্যমে দূর থেকে খাবারের অবস্থা দেখার সুবিধাও রয়েছে।
● রোলেবল স্ক্রিনের ল্যাপটপ
লেনোভোর ‘লিজিয়ন প্রো রোলেবল’ ল্যাপটপটি প্রদর্শনীতে বিশেষ নজর কাড়ে। ১৬ ইঞ্চির স্ক্রিন প্রসারিত হয়ে ২৪ ইঞ্চিতে রূপ নেয়। কোম্পানির ‘থিংকপ্যাড প্লাস জেন ৭ অটো টুইস্ট’ মডেলে রয়েছে মোটরচালিত কঞ্জা, যা ব্যবহারকারীর দিকে ঘুরে যায়।
● ফোল্ডিং ফোন ও ব্ল্যাকবেরির প্রত্যাবর্তন
স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ তিন স্তরে ফোল্ড করা যায় এবং খুললে বড় স্ক্রিনের ট্যাবলেটে পরিণত হয়। অন্যদিকে ক্লিকস কোম্পানির ‘কমিউনিকেটর’ ফোনটি ব্ল্যাকবেরির স্মৃতি ফিরিয়ে আনছে। এতে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের পাশাপাশি ফিজিক্যাল কিবোর্ড রয়েছে। আইফোন ও পিক্সেলের জন্য আলাদা কিবোর্ড কেসও আনছে ব্র্যান্ডটি।






















