বিশ্বের প্রাচীনতম ইংরেজি সাধারণ জ্ঞানকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং এর অভিধান প্রকাশক সংস্থা মেরিয়াম-ওয়েবস্টার যৌথভাবে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে এই মামলা করা হয়। খবর রয়টার্স।
মামলার অভিযোগে বলা হয়েছে, ওপেনএআই তাদের এআই মডেল প্রশিক্ষণের জন্য অনুমতি ছাড়াই ব্রিটানিকার প্রায় ১ লাখ নিবন্ধ, বিশ্বকোষের এন্ট্রি ও অভিধানের সংজ্ঞা ব্যবহার করেছে। এই কনটেন্ট দিয়ে তারা চ্যাটজিপিটিকে মানবিক প্রশ্নের উত্তর দিতে শিখিয়েছে এবং ব্রিটানিকার ওয়েবসাইটের বিষয়বস্তুর এআই-উৎপন্ন সারসংক্ষেপ তৈরি করে তাদের ওয়েব ট্র্যাফিক ‘খেয়ে ফেলেছে’ (ক্যানিবালাইজড)।
ব্রিটানিকার ৪৪ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, চ্যাটজিপিটির উত্তরগুলিতে অনেক সময় তাদের কপিরাইটকৃত নিবন্ধের ‘হুবহু বা প্রায় হুবহু’ রিজেনারেট দেখা যায়। এতে ব্যবহারকারীরা সরাসরি ব্রিটানিকার সাইটে না গিয়ে চ্যাটজিপিটির মাধ্যমেই তথ্য পেয়ে যান, যা তাদের ব্যবসায়িক মডেলের জন্য হুমকি।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে ব্রিটানিকা লাইসেন্সিং নিয়ে ওপেনএআই-এর সঙ্গে আলোচনা শুরু করলেও প্রতিষ্ঠানটি তা ‘প্রত্যাখ্যান’ করে এবং অন্যান্য প্রকাশকের সঙ্গে চুক্তি করলেও ব্রিটানিকার বিষয়বস্তু অনুমতি ছাড়া ব্যবহার করতে থাকে।
ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে বলা হয়েছে, ওপেনএআই তাদের বিষয়বস্তু রিজেনারেট অনুমতি আছে বলে ইঙ্গিত দিয়ে এবং এআই-এর ভুল তথ্যপূর্ণ ‘হ্যালুসিনেশনে’ ব্রিটানিকার নাম জড়িয়ে ট্রেডমার্ক ক্ষুণ্ন করছে।
ওপেনএআইয়ের একজন মুখপাত্র সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে বলেন, “আমাদের মডেলগুলো উদ্ভাবনকে ক্ষমতায়িত করে এবং সর্বজনীনভাবে উপলব্ধ তথ্যের ওপর প্রশিক্ষিত, যা ন্যায্য ব্যবহারের নীতির ওপর ভিত্তি করে তৈরি।”
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ব্রিটানিকা আরেক এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির বিরুদ্ধেও অনুরূপ কপিরাইট লঙ্ঘনের মামলা করে, যা এখনও বিচারাধীন। লেখক, সংবাদমাধ্যম ও অন্যান্য কপিরাইট মালিকদের পক্ষ থেকে এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে দায়ের করা এটি সর্বশেষ আইনি পদক্ষেপ।





















