জনপ্রিয় ‘সিভি’ সিরিজের স্মার্টফোন উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি। বিশ্ববাজারে এ সিরিজের আশানুরূপ বিক্রি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে সিভি সিরিজের আর কোনো নতুন মডেল বাজারে আসার সম্ভাবনা আপাতত নেই। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
স্মার্টফোন খাতের টিপস্টার (তথ্যদাতা) ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোয় এক প্রশ্নের জবাবে এ দাবি করে। তারা জানায়, শাওমি সিভি সিরিজের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এমনকি আগামীতে এ সিরিজের কোনো ফোন বাজারে আনার পরিকল্পনাও আপাতত প্রতিষ্ঠানের নেই।
এর আগে প্রযুক্তি বাজারে সিভি সিরিজের ভবিষ্যৎ নিয়ে বেশকিছু গুঞ্জন শোনা গিয়েছিল। কিছু সূত্রে দাবি করেছিল, সিভি ৪ প্রো মডেলটির আশানুরূপ বিক্রি না হওয়ায় সিভি ৬ মডেলের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পরে আরেকটি গুঞ্জনে বলা হয়, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বোতামসহ ফোনটির উন্নয়নকাজ আবারো শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেসব পরিকল্পনা এখন পুরোপুরি বাদ দেয়া হয়েছে।
২০২১ সালে তরুণদের জন্য আকর্ষণীয় স্লিম ডিজাইন ও দারুণ ক্যামেরা অভিজ্ঞতা নিয়ে সিভি সিরিজটি বাজারে এনেছিল শাওমি। এরপর সিভি, সিভি ১এস, সিভি ২, সিভি ৩, সিভি ৪ প্রো ও সর্বশেষ সিভি ৫ প্রো মডেলগুলো বাজারে আসে।
গত বছর চীনে সিভি ৫ প্রো উন্মোচন করা হয়, যা বিশ্ববাজারে ‘শাওমি ১৫ সিভি’ নামে পরিচিতি পায়। তবে ভারতের মতো বড় দক্ষিণ এশীয় বাজারে ফোনটি ছাড়ার পরিকল্পনা বাতিল করে প্রতিষ্ঠানটি। ফলে ২০২৪ সালের জুনে বাজারে আসা ‘শাওমি ১৪ সিভি’ মডেলটিই ছিল এ অঞ্চলের এ সিরিজের সর্বশেষ ফোন।
বাজার বিশ্লেষকদের মতে, শাওমির নিজস্ব সাব-ব্র্যান্ড রেডমির ফোনগুলো একই দামে অনেক বেশি উন্নত পারফরম্যান্স দিচ্ছে। ফলে সিভি সিরিজটি বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। তবে সিরিজটি স্থায়ীভাবে বন্ধের বিষয়ে শাওমি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য করেনি।





















