অ্যাপলের নতুন পণ্যের তালিকায় এবার যুক্ত হলো ফোল্ডেবল আইফোন।
গত বুধবার অনুষ্ঠিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে প্রথমবারের মতো ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন করেছে টেক জায়ান্টটি।
নতুন এ মডেলের নাম দেয়া হয়েছে ‘আইফোন ডুয়ো’। পাশাপাশি আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স, অ্যাপল ওয়াচ সিরিজ ১২, অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ এবং নতুন এয়ারপডসও বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। নতুন পণ্যগুলোর মধ্যে আইফোন ডুয়োই সবচেয়ে বেশি নজর কেড়েছে।
এর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে।
৭ দশমিক ৬ ইঞ্চির মূল ডিসপ্লে নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন। ভাঁজ করলে এর পুরুত্ব হয় ১১ দশমিক ৩ মিলিমিটার। খোলা অবস্থায় তা কমে দাঁড়ায় মাত্র ৫ দশমিক ২ মিলিমিটারে। সর্বোচ্চ ২ টেরাবাইট স্টোরেজের সংস্করণটির দাম ৩ হাজার ১৯৯ ডলার।




















