চীনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে নতুন দুটি ডিভাইস নিয়ে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। ভিভোর X500 Pro Max উন্মোচনের এক সপ্তাহের মাথায় বাজারে এসেছে অনারের Magic 9 Pro Max। উভয় ফোনেই উচ্চক্ষমতার প্রসেসর, ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
তবে ক্যামেরা প্রসেসিং, ডিসপ্লে, রঙের টিউনিং, ডিজাইন ও এক্সেসরিজে দুই ব্র্যান্ডের পদ্ধতিতে রয়েছে বেশ কিছু পার্থক্য।
ডিজাইন ও স্থায়িত্ব
Honor Magic 9 Pro Max-এ প্রচলিত গোলাকার ক্যামেরা মডিউলের পরিবর্তে অসামঞ্জস্যপূর্ণ ক্যামেরা ডেক ব্যবহার করা হয়েছে। ডিজাইনটি ARRI সিনেমা ক্যামেরা থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে অল-মেটাল ইউনিবডি কাঠামো এবং ‘Giant Rhino Glass’ ব্যবহারের কথা বলা হয়েছে।
পানি ও ধুলা প্রতিরোধে ফোনটি IP68, IP69 ও IP69K রেটিং সমর্থন করে।
অন্যদিকে Vivo X500 Pro Max-এ Zeiss-অনুপ্রাণিত গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির পেছনে ‘Tidal Cold Curved’ গ্লাস এবং ফ্রেমে এভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। এতে IP68 ও IP69 সুরক্ষা রয়েছে।
ডিসপ্লেতে ভিন্ন পদ্ধতি
অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্সে রয়েছে ৬.৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যা ১ থেকে ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারে। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা ১০ হাজার নিট পর্যন্ত এবং ২০ শতাংশ স্ক্রিন উইন্ডোতে ৬ হাজার নিট পর্যন্ত পৌঁছানোর দাবি করা হয়েছে। চোখের সুরক্ষায় রয়েছে ৪,৩২০Hz PWM ডিমিং এবং TUV Rheinland Global Eye Protection 6.0 সার্টিফিকেশন।
ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্সে রয়েছে তুলনামূলক বড় ৬.৮৫ ইঞ্চির BOE Q11 ডিসপ্লে। এর রেজল্যুশন ৩১৬৮×১৪৪০ পিক্সেল এবং পিক্সেল ঘনত্ব ৫০৭ppi। ডিসপ্লেটি ১-১৪৪Hz রিফ্রেশ রেট সমর্থন করে এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪,৪০০ নিট।
ক্যামেরায় দুই ব্র্যান্ডের দুই কৌশল
দুই ফোনের ক্যামেরা সেটআপেই উচ্চ রেজল্যুশনের টেলিফোটো সেন্সর থাকলেও প্রধান ক্যামেরায় বড় পার্থক্য রয়েছে।
ক্যামেরায় দুই ব্র্যান্ডের দুই কৌশল
দুই ফোনের ক্যামেরা সেটআপেই উচ্চ রেজল্যুশনের টেলিফোটো সেন্সর থাকলেও প্রধান ক্যামেরায় বড় পার্থক্য রয়েছে।
| ক্যামেরা | Honor Magic 9 Pro Max | Vivo X500 Pro Max |
|---|---|---|
| প্রধান ক্যামেরা | ২০০MP, ১/১.২৮ ইঞ্চি | ৫০MP Sony Blueprint 900, ১/১.২৮ ইঞ্চি |
| পেরিস্কোপ | ২০০MP Samsung S5KHPE, ৮৫mm | ২০০MP Samsung HP0, ৮৫mm |
| আল্ট্রা-ওয়াইড | ৫০MP | ৫০MP |
| সেলফি | ৫৫MP Agile Eye | ৫০MP |
| ইমেজ প্রসেসিং | কাস্টম H1 চিপ | MediaTek ও Blueprint প্রসেসিং |
| টেলিকনভার্টার | G200 ও G500 | Zeiss G2 Ultra |
অনারের প্রধান ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হলেও ভিভো প্রধান ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের Sony সেন্সর ব্যবহার করেছে। দুই ফোনেই ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা রয়েছে।
অনার জানিয়েছে, তাদের ইমেজ প্রসেসিংয়ে কাস্টম H1 চিপ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিনেমাটিক কালার প্রসেসিংয়ের জন্য ARRI-এর সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
ভিভো ক্যামেরা সিস্টেমে Zeiss প্রযুক্তি ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি 4K 240fps স্লো-মোশন ও 8K Live Photos-এর মতো ফিচারও দিচ্ছে। এছাড়া X500 Pro Max-এর ক্যামেরায় ‘Active Anti-fog’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
প্রসেসর ও ব্যাটারি
Honor Magic 9 Pro Max-এ রয়েছে কোয়ালকমের Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর। ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9600 Pro।
ব্যাটারির দিক থেকেও দুই ফোনে বড় সক্ষমতার সেল রয়েছে। অনারে ৮,৮০০mAh ব্যাটারি, ১০০W ওয়্যার্ড ও ৮০W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ভিভোতে রয়েছে ৮,০০০mAh ব্যাটারি, যার সঙ্গে ৯০W ওয়্যার্ড ও ৪০W ওয়্যারলেস চার্জিং রয়েছে।
চীনের বাজারে দাম
চীনা বাজারে Honor Magic 9 Pro Max-এর দাম শুরু হয়েছে ৬,৪৯৯ ইউয়ান থেকে। ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজের এই সংস্করণের পাশাপাশি ১৬GB RAM ও ১TB স্টোরেজ সংস্করণের দাম ৮,৪৯৯ ইউয়ান।
Vivo X500 Pro Max-এর ১২GB+২৫৬GB সংস্করণের দাম ৬,৯৯৯ ইউয়ান। আর ১৬GB+১TB এবং স্যাটেলাইট মেসেজিং সমর্থিত সংস্করণের দাম ১২,৯৯৯ ইউয়ান।
অর্থাৎ চীনা বাজারে দুই ফোনের প্রারম্ভিক দামের মধ্যে ৫০০ ইউয়ানের পার্থক্য রয়েছে।
অনার চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ইউরোপের বাজারে Magic 9 Pro Max আনার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে ভিভো X500 সিরিজকে সিঙ্গাপুরসহ এশিয়ার অন্যান্য বাজারে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।




















