বর্তমানে স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলো নীরবে অঞ্চলভিত্তিক হয়ে পড়ছে। চীন বা ভারতের বাজারে যে স্মার্টফোনটি বিশাল ব্যাটারি নিয়ে উন্মোচিত হচ্ছে, আন্তর্জাতিক বা ইউরোপীয় বাজারে সেই একই মডেলের ফোন তুলনামূলক ছোট ব্যাটারি নিয়ে আসছে। মূলত আন্তর্জাতিক বিমান পরিবহন নীতিমালা (বিশেষ করে প্রতি সেলে ২০ ওয়াট-আওয়ার বা 20Wh সীমাবদ্ধতা), স্থানীয় সার্টিফিকেশন এবং গ্লোবাল ৫জি ব্যান্ডের জন্য ভেতরে বাড়তি জায়গা রাখার কারণেই নির্মাতারা ফোনের পুরুত্ব না বাড়িয়ে ব্যাটারির ক্ষমতা কমিয়ে দিচ্ছেন।
একই নামে বাজারে আসা এমন ৫টি জনপ্রিয় স্মার্টফোনের আঞ্চলিক ব্যাটারি ও চার্জিংয়ের পার্থক্য নিচে তুলে ধরা হলো:
১. অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10)
- এশিয়া ও গ্লোবাল বাজার: বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ অধিকাংশ এশীয় বাজারে ফোনটি বিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার (8,000 mAh) ব্যাটারিসহ পাওয়া যাচ্ছে।
- ইউরোপ ও অস্ট্রেলিয়া: যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রেলিয়ার বাজারে ফোনটিতে ৮৫০ এমএএইচ কমিয়ে ৭,১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। তবে উভয় সংস্করণেই ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা অপরিবর্তিত রয়েছে।
২. নাথিং ফোন (৪বি) (Nothing Phone 4b)
- ভারতীয় বাজার: ভারতের ক্রেতাদের জন্য ফোনটিতে সর্বোচ্চ ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে।
- আন্তর্জাতিক বাজার: যুক্তরাজ্য ও ইউরোপসহ অন্যান্য গ্লোবাল বাজারে এটি ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে এসেছে, যা ভারতীয় সংস্করণের চেয়ে ৮০০ এমএএইচ কম। সব অঞ্চলেই ৩৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট রয়েছে।
৩. ওয়ানপ্লাস নর্ড ৬ (OnePlus Nord 6)
- ভারতীয় বাজার: ভারতে ফোনটি বিশাল ৯,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ২৭ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিংসহ লঞ্চ হয়েছে।
- গ্লোবাল ও ইউরোপীয় বাজার: ভারতের বাইরের বাজারগুলোতে ব্যাটারির ক্ষমতা প্রায় ১৭ শতাংশ কমিয়ে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার করা হয়েছে এবং রিভার্স ওয়্যার্ড চার্জিংয়ের গতিও কমিয়ে ৬.৫ ওয়াটে নামিয়ে আনা হয়েছে। তবে ৮০ ওয়াট রেগুলার ফাস্ট চার্জিং সব অঞ্চলেই এক রয়েছে।
৪. রেডমি নোট ১৭ প্রো ৫জি (Redmi Note 17 Pro 5G)
- চীন ও ভারত: এই দুটি দেশের বাজারে ফোনটিতে সিঙ্গেল-সেল প্রযুক্তির বিশাল ৯,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে।
- ইউরোপীয় বাজার: ইউরোপের পরিবহন আইন মেনে চলতে সেখানে ডুয়াল-সেল ডিজাইনে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অবশ্য সব সংস্করণেই ৬৭ ওয়াট ওয়্যার্ড এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকছে।
৫. আইকিউ জেড১১ ৫জি (iQOO Z11 5G)
- চীন ও মালয়েশিয়া: এই অঞ্চলগুলোতে ফোনটি ৯,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৯০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং নিয়ে বাজারে এসেছে।
- ভারতীয় বাজার: অন্য ফোনগুলোর ঠিক বিপরীতে, আইকিউ জেড১১-এর ভারতীয় সংস্করণে ব্যাটারি ২২ শতাংশ কমিয়ে ৭,০৫০ মিলিঅ্যাম্পিয়ার করা হয়েছে এবং চার্জিংয়ের গতিও কমিয়ে ৪৪ ওয়াট রাখা হয়েছে। এমনকি দেশভেদে এর ডিজাইন ও চিপসেটেও পরিবর্তন আনা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আনঅফিশিয়াল বা গ্লোবাল ভ্যারিয়েন্টের স্মার্টফোন কেনার আগে ক্রেতাদের অবশ্যই ফোনটি কোন অঞ্চলের (Region) জন্য তৈরি, তা যাচাই করে নেওয়া উচিত; কারণ একই মডেলের ফোন হলেও অঞ্চলভেদে ব্যাটারি ব্যাকআপ ও চার্জিংয়ে বড় ধরনের পার্থক্য থাকতে পারে।





















