২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর আওতায় ডাক বিভাগের আর্থিক সেবার আধুনিকায়ন, জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল তৈরি, ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাকসেবার কার্যক্রম ডিজিটাইজড করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তর এবং ডাক বিভাগের কার্যক্রম গতিশীল করতে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এর মধ্যে সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৭ মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ নামে একটি কারিগরি প্রকল্প চলছে। অন্যদিকে, মার্চ ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৮ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ প্রকল্প।
যেসব সেবা ডিজিটাল হবে
মন্ত্রী বলেন, প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থা আরও যুগোপযোগী ও সহজ করা হচ্ছে।
দ্বিতীয় প্রকল্পের আওতায় জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল তৈরি করা হবে। পাশাপাশি ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘পোস্টাল রুরাল ট্রেড অ্যান্ড কমার্স মডেল’ বা ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাক বিভাগের প্রতিটি সেবা ডিজিটাইজড করার পরিকল্পনা রয়েছে।
গ্রামেও মিলবে ডিজিটাল ডাকসেবা
মন্ত্রী জানান, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরিত হবে। এর ফলে গ্রামীণ জনপদসহ সারা দেশের মানুষ নিরাপদ ডিজিটাল ডাকসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের প্রচলিত সেবার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার নাগরিকদের কাছে ডাক ও আর্থিক সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্রকল্প দুটির।



















