চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন কেনাবেচা এবং আইএমইআই (IMEI) পরিবর্তনের চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯টি সচল মোবাইল ফোন, ৭৫টি অচল মোবাইল ও যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
১৪ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের প্রথমে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইলসহ মোট দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া নিউ মার্কেটের ‘টেক মোবাইল’ শোরুমে অভিযান চালিয়ে দোকানটির মালিক মো. শিবলু (১৯)-কে ১৩টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা মার্কেটের ‘ইনফিনিটি মোবাইল হাব’-এ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম এবং চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে কিনে সেগুলোর আইএমইআইসহ অন্যান্য তথ্য পরিবর্তন করে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২/৪১৩ ধারায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ চক্রের সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















