রাগেড স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান উলেফোনের (Ulefone) নতুন ফোন ‘আর্মার ৩৫ প্রো’ (Armor 35 Pro) বাজারে আসছে আগামী ৭ ডিসেম্বর। গত সেপ্টেম্বরে জার্মানির আইএফএ (IFA) প্রযুক্তি মেলায় ফোনটি উন্মোচন করা হলেও তখন দাম ও বিক্রির তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি। এবার নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, ‘মেকা ব্ল্যাক’ (Mecha Black) রঙে ফোনটির বিক্রি শুরু হবে। দাম রাখা হয়েছে ৪২৯.৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫১ হাজার ৫০০ টাকা।
আর্মার ৩৫ প্রোতে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন দীর্ঘ পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার। আগের মডেল আর্মার ৩৪ প্রোতে বিল্ট-ইন প্রজেক্টর থাকলেও নতুন ফোনে সেটির পরিবর্তে যুক্ত করা হয়েছে এই প্রযুক্তি। উলেফোনের দাবি, এটিই তাদের প্রথম রাগেড স্মার্টফোন, যাতে বিল্ট-ইন লং-রেঞ্জ লেজার রেঞ্জফাইন্ডার রয়েছে।
১.২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব মাপার সুবিধা
আর্মার ৩৫ প্রোর লেজার রেঞ্জফাইন্ডারটি টাইম-অব-ফ্লাইট (ToF) প্রযুক্তিনির্ভর। এতে ৯০৫ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের ক্লাস-১ সেমিকন্ডাক্টর লেজার ব্যবহার করা হয়েছে। নির্মাতার দাবি, এটি সর্বোচ্চ ১.২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ৯৮ শতাংশের বেশি নির্ভুলতায় পরিমাপ করতে পারে। ফিচারটি চালু হতে সময় লাগে মাত্র ০.২ সেকেন্ড।
এতে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন ও জিপিএস মোডসহ মোট ১৩ ধরনের পরিমাপের সুবিধা রয়েছে। নির্মাণকাজ, জরিপ, বহিরাঙ্গন কার্যক্রম কিংবা দূরত্ব নির্ণয়ের প্রয়োজন হয় এমন কাজে ফিচারটি ব্যবহার করা যাবে।
৮০০ লুমেনের এলইডি লাইট ও ১১,০০০ এমএএইচ ব্যাটারি
ফোনটির পেছনে রয়েছে ৬.৪ ওয়াট ক্ষমতার এলইডি লাইট, যা সর্বোচ্চ ৮০০ লুমেন উজ্জ্বলতা দিতে পারে। এতে ক্লোজ, লাইট, ফ্ল্যাশ ও এসওএস (SOS) মোড রয়েছে। ফোনের ডান পাশে থাকা আলাদা বোতাম দিয়ে এসব মোড নিয়ন্ত্রণ করা যাবে। ক্যাম্পিং কিংবা জরুরি পরিস্থিতিতে আলো হিসেবে এটি কাজে আসতে পারে।
এ ছাড়া ফোনের ওপরের অংশে রিবন আকৃতির ‘ডায়নামিক ভাইব লাইট’ রয়েছে। চার্জিং, গান চালানো কিংবা কল ও নোটিফিকেশনের সময় এটি জ্বলে উঠবে।
আর্মার ৩৫ প্রোতে ১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে। উলেফোনের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি সর্বোচ্চ ৬৫৫ ঘণ্টা স্ট্যান্ডবাই, ৬৮ ঘণ্টা টকটাইম অথবা ১১ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং সুবিধা দিতে পারে। চার্জের জন্য রয়েছে ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং। পাশাপাশি ১০ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধার মাধ্যমে ফোনটি ব্যবহার করা যাবে পাওয়ার ব্যাংক হিসেবেও।
ডিসপ্লে, প্রসেসর ও ক্যামেরা
আর্মার ৩৫ প্রোতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৭০০ নিটস। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
ফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি২০০ (Helio G200) চিপসেট ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৬। উলেফোনের দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটি অ্যান্ড্রয়েড ১৮ পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
মেমোরির ক্ষেত্রে রয়েছে ১২ জিবি LPDDR4X র্যাম ও ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি IMX766 সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)। পাশাপাশি রয়েছে ২০ মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা, যাতে আছে সনি IMX350 সেন্সর। তৃতীয় ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, এতে ব্যবহার করা হয়েছে সনি IMX498 সেন্সর। নাইট ভিশন ক্যামেরার সঙ্গে রয়েছে দুটি ইনফ্রারেড (IR) এলইডি লাইট। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
পানি, ধুলাবালি ও আঘাত প্রতিরোধী বডি
কঠিন পরিবেশে ব্যবহারের উপযোগী করে তৈরি ফোনটিতে রয়েছে IP68 ও IP69K রেটিং। পাশাপাশি সামরিক মানের স্থায়িত্ব পরীক্ষার MIL-STD-810H সনদ রয়েছে। শব্দের জন্য এতে ব্যবহার করা হয়েছে ১০৭ ডেসিবল ক্ষমতার ডুয়াল হাই-ফাই লাউডস্পিকার।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি (NFC), ই-সিম (eSIM) এবং ইউস্মার্ট এক্সপ্যানশন কানেক্টর। সব মিলিয়ে লেজার রেঞ্জফাইন্ডার, শক্তিশালী আলো ও বড় ব্যাটারির সমন্বয়ে আর্মার ৩৫ প্রোকে কাজের প্রয়োজনে এবং দুর্গম পরিবেশে ব্যবহারের উপযোগী রাগেড স্মার্টফোন হিসেবে তৈরি করেছে উলেফোন।




















